ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৬, ১৪ জুন ২০২৬

শ্রীমঙ্গলে টিআইবি’র উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

“শিশুশ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ১১টায় মৌলভীবাজার রোডে প্রাইম ব্যাংকের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গলের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশুশ্রম প্রতিরোধে শক্তিশালী আইন ও নীতিমালা প্রণয়ন এবং কার্যকর বাস্তবায়নের পাশাপাশি শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে আনতে হবে। একই সঙ্গে উন্নত তথ্য ব্যবস্থাপনা, তদারকি ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম বন্ধে অপ্রাতিষ্ঠানিক খাতের আধিপত্য, দারিদ্র্য ও সুশাসনের ঘাটতি দূর করতে কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

মানববন্ধনে সনাক শ্রীমঙ্গলের সহ-সভাপতি কাজী আছমা আক্তার, সনাক সদস্য বিশিষ্ট লেখক, কবি ও শিক্ষক দ্বীপেন্দ্র ভট্রাচার্য্য, সৈয়দ নেসার আহমদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬-এর ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য মোস্তাফিজুর রহমান ফাহিম ও তৃষা ভৌমিক।

অনুষ্ঠানে সনাক-টিআইবি শ্রীমঙ্গলের পক্ষ থেকে শিশুশ্রম নিরসনে বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে জাতীয় কর্মপরিকল্পনা হালনাগাদ, বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের সঠিক তথ্য সংগ্রহ ও প্রকাশ, বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণকে শিশুদের জন্য নিষিদ্ধ ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় অন্তর্ভুক্ত করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে তদারকিতে ক্ষমতায়ন, বিশেষ হটলাইন চালু, পর্যবেক্ষণ ইউনিট গঠন, অপ্রাতিষ্ঠানিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের মূলধারায় অন্তর্ভুক্তকরণ এবং শ্রম আইন বাস্তবায়নসহ ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ।

মানববন্ধন শেষে সনাক শ্রীমঙ্গল কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সনাকের সহ-সভাপতি কাজী আছমা আক্তার এবং স্বাগত বক্তব্য দেন ইয়েস গ্রুপের দলনেতা সৈয়দ আরমান জামি।

আলোচনা সভায় বক্তারা শ্রীমঙ্গল উপজেলায় শিশুশ্রমের বর্তমান চিত্র তুলে ধরে তা নিরসনে সরকারি ও বেসরকারি উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান। সনাক সদস্য রহিমা বেগম, রীনা মজুমদার, জিডিসন প্রধান সুছিয়াং এবং সৈয়দ নেসার আহমদ বলেন, পর্যটন নগরী শ্রীমঙ্গলে অসংখ্য চা-বাগান ও রিসোর্ট রয়েছে, যেখানে বিভিন্নভাবে শিশুশ্রমকে উৎসাহিত করা হয়। তাই জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশুশ্রম কমিয়ে আনা জরুরি। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধ করা এখন সময়ের দাবি।

সভাপতির বক্তব্যে কাজী আছমা আক্তার বলেন, “বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড দেখানোর এখনই সময়। সমাজের সকল স্তর থেকে শিশুশ্রম ও শিশু নির্যাতন বন্ধে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়