ঢাকা, বুধবার   ১৭ জুন ২০২৬,   আষাঢ় ৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৩, ১৭ জুন ২০২৬

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চা শ্রমিকদের ঢল

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখতে বৃষ্টি উপেক্ষা করে সমাবেশস্থলে জড়ো হন হাজারো চা শ্রমিক, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ।

বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা যায়।

দুপুর ১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১৫৫ জন উপকারভোগীর মধ্যে প্রতীকীভাবে ১০ জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন তিনি।

অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচজনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। এছাড়া ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর পাঁচজনকে ১০ হাজার টাকা করে এককালীন আর্থিক সহায়তা, পাঁচজন শিক্ষার্থীকে শিক্ষা অনুদান হিসেবে ১০ হাজার টাকা করে এবং দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ১০০ জনকে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক দেওয়া হয়।

পাশাপাশি পাঁচজন চা শ্রমিকের হাতে টেকসই আবাসন নিশ্চিত করতে দুই লাখ টাকা করে আর্থিক বরাদ্দপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই সমাবেশস্থলে মানুষের ঢল নামে। চা শ্রমিকদের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে যোগ দেন। নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বৃষ্টির মধ্যেও মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে অংশ নেওয়া চা শ্রমিকরা জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলার বিভিন্ন চা বাগানে ছুটি ঘোষণা করা হয়েছিল। বাগানের নিজস্ব পরিবহনে করেই তারা সমাবেশে এসেছেন।

সরেজমিনে দেখা যায়, রঙিন ঐতিহ্যবাহী পোশাক পরে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষও সমাবেশে অংশ নেন। মাঠের একপাশে উপকারভোগীদের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হয়। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল।

চা শ্রমিক সোমা যাদব বলেন, “আমরা সবাই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে এসেছি। চায়ের দেশে তিনি এসেছেন, তাই তাঁকে একনজর দেখার জন্য এসেছি। একই সঙ্গে চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করার দাবিও আমরা তাঁর কাছে জানাচ্ছি।”

প্রধানমন্ত্রীর সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিকে ঘিরে শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ করে চা শ্রমিক ও সুবিধাভোগীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়