ঢাকা, শুক্রবার ২৬ জুন ২০২৬,   আষাঢ় ১২ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৮, ২৬ জুন ২০২৬

সিলেটে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন ও একটি খাতা জব্দ করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়, গত (২৫ জুন) বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল জানতে পারে, শাহপরাণ (রহ.) থানার সুরমা গেট সংলগ্ন সীমান্ত সৈনিক ফুড কর্নারের ভেতরে কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছেন। খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালানো হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ভুবেন ব্যানার্জী (৩২), পিতা: মৃত ধনু ব্যানার্জী; রাজু কুর্মী (২৪), পিতা: জয়রাম কুর্মী। তাদের দুজনের বাড়ি সিলেটের খাদিমনগর চা বাগান এলাকায়, থানা-এয়ারপোর্ট। অপরজন মো. সেলিম আহমদ মুরাদ (৩৩), পিতা: মো. আব্দুল মান্নান, ধলইপাড়া, শাহপরাণ (রহ.) থানা, সিলেট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা MELBET, Teer Predictions, Night Teer, WINBD.vipসহ বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে ২০০ টাকা বিনিয়োগে ৩ হাজার টাকা লাভের প্রলোভন দেখিয়ে মানুষকে জুয়ার সঙ্গে যুক্ত করতেন এবং কমিশনের ভিত্তিতে আর্থিক সুবিধা গ্রহণ করতেন। জব্দ করা মোবাইল ফোনগুলো পরীক্ষা করে অনলাইন জুয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত ও আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৯ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দকৃত আলামত শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ