ঢাকা, মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ১৯ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৩, ৪ আগস্ট ২০২৬

ফুটপাত দখলমুক্ত রাখতে শ্রীমঙ্গলে অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন।

অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে শহরে অবাধে ঘোরাফেরা করা তিনটি গরুও আটক করা হয়।

সোমবার (৩ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মিনহাজুল ইসলাম এবং শ্রীমঙ্গল থানার পুলিশের একটি টিম।

অভিযান চলাকালে পৌর শহরের স্টেশন রোড, নতুন বাজার দক্ষিণ সড়ক, মাছবাজার ও সবজি বাজার এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পৌর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে সড়ক সংকীর্ণ হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

পৌরসভা সূত্রে জানা গেছে, এর আগে একাধিকবার মাইকিং করে ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হলেও অনেকেই তা উপেক্ষা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ করা হয় এবং ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এদিকে শহরে মালিকানাধীন গবাদিপশুর অবাধ বিচরণ রোধেও পৃথক অভিযান চালানো হয়। পৌর কর্তৃপক্ষ জানায়, এসব গবাদিপশু ডাস্টবিনে খাদ্য খুঁজতে গিয়ে শহরের বিভিন্ন সড়ক ও জনসমাগমস্থল নোংরা করছিল। এ সময় তিনটি গরু আটক করা হয়। পরে ভুরভুরিয়া চা বাগানের গরুর মালিক মুচলেকা দিয়ে গরুগুলো ছাড়িয়ে নিয়ে যান।

পৌর প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিরসন এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়