ঢাকা, রোববার ০২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ১৮ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৮, ২ আগস্ট ২০২৬

শ্রীমঙ্গলের ধানক্ষেতে মিলল অজগর, সচেতনতায় রক্ষা পেল প্রাণীটি

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের একটি ধানক্ষেত থেকে একটি অজগর সাপ জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় এক সচেতন ব্যক্তির উদ্যোগে সাপটিকে হত্যা থেকে রক্ষা করা সম্ভব হয়।

রবিবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে হাইল হাওরে ধান রোপণের জন্য জমি পরিষ্কার করার সময় কৃষকরা হঠাৎ একটি অজগর সাপ দেখতে পান। সাপটি দেখে আতঙ্কিত হয়ে তারা প্রথমে উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো নম্বর সংগ্রহ করতে না পেরে সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন।

এ সময় স্থানীয় বাসিন্দা মুহিবুর রহমান উপস্থিত হয়ে সবাইকে সাপটি না মারার জন্য অনুরোধ করেন। পরে অনেক খোঁজাখুঁজির পর তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে মুহিবুর রহমানের সচেতনতা ও মানবিক উদ্যোগের প্রশংসা করা হয়। তাদের মতে, তাঁর সময়োপযোগী উদ্যোগের কারণেই একটি মূল্যবান বন্যপ্রাণীর জীবন রক্ষা পেয়েছে।

উদ্ধারের পর অজগর সাপটি প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়