ঢাকা, রোববার ০২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ১৮ ১৪৩৩

বিকাশ বিশ্বাস, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১৭:৩০, ২ আগস্ট ২০২৬

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ট্রাক জব্দ

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুভর্তি একটি ডায়ানা ট্রাক ও বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মূল অভিযুক্তসহ কয়েকজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার রাধানগর, ভুরভুরিয়া ছড়া এবং আশিদ্রোণ ইউনিয়নের সাইটুলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাইটুলা এলাকার একটি লেবু বাগানের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানকালে প্রায় ৩০০ ঘনফুট সদ্য উত্তোলিত বালুভর্তি একটি ডায়ানা ট্রাক (ঢাকা মেট্রো-ড, ১২-৭১৮২) জব্দ করা হয়। পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

পরে জব্দ করা আলামত সংরক্ষণ করে মো. হেকিম মিয়া (৫৫) সহ কয়েকজনকে আসামি করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়।

এদিকে একই দিনে রাধানগর ও ভুরভুরিয়া ছড়া এলাকাতেও পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় জনগণকে অবৈধ বালু উত্তোলনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয় এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল অপরাধীদের গ্রেপ্তার এবং এ কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ না হওয়া পর্যন্ত নিয়মিত মোবাইল কোর্ট ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়