ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৩, ১৪ মার্চ ২০২১

শিশুদের শাসন: মাদ্রাসার অধ্যক্ষদের সতর্ক করলেন হাইকোর্ট

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসার শিক্ষার্থী ইয়াসিনকে পেটানো শিক্ষক ইয়াহিয়ার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে শিশু শিক্ষার্থীদের শাসনের বিষয়ে সকল মাদ্রাসার অধ্যক্ষদের সতর্ক করেছেন আদালত। পাশাপাশি দেশের সব মাদ্রাসার শিক্ষকদেরও এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

রোববার (১৪ মার্চ) হাইকোর্টের বিচারপতি নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এসব পর্যবেক্ষণ দেন। বিষয়টি আদালতের পর্যবেক্ষণে থাকবে বলেও মন্তব্য করেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ মার্চ ৮ বছর বয়সী ইয়াসিনকে নির্মমভাবে পেটানো শিক্ষকের বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিকে) আগামী ১৪ মার্চের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়। 

নির্ধারিত দিনে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান স্বাক্ষরিত প্রতিবেদন সংশ্লিষ্ট আদালতে দাখিল করা হয়। 

উল্লেখ্য, মঙ্গলবার শিশু ইয়াসিনের জন্মদিন ছিল। তাই তার বাবা-মা বিকেলে মাদ্রাসায় আসেন। কিন্তু ফেরার সময় মা-বাবার সঙ্গে বাড়ি যাওয়ার বায়না ধরে শিশু ইয়াসিন। এক পর্যায়ে মা-বাবার পিছু পিছু মাদরাসার মূল ফটকের বাইরে চলে আসে সে।

ইয়াসিনের এমন বায়নায় ক্ষিপ্ত হয়ে উঠেন মাদ্রাসার হুজুর ইয়াহিয়া। ফলে শিশুটিকে বেত দিয়ে বেধড়ক পেটাতে থাকেন সেই হুজুর। কারণ একটাই কেনো সে মূল ফটকের বাইরে গিয়েছে। বেতের এমন পিটুনি খেয়ে বাঁচার আকুতি জানাতে থাকে ছোট্ট ইয়াসিন। আর এমন সময় শিক্ষার্থীদের কেউ একজন ওই ঘটনার ভিডিও ফেসবুকে আপলোড করে।

ভিডিও ভাইরাল হওয়ার পর মঙ্গলবার রাত ১২টার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন ওই মাদ্রাসায় যান। অভিযুক্ত শিক্ষককে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত দেন তিনি। একই সাথে তাঁকে হাটহাজারীর কোনো মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ারও নির্দেশ দেন তিনি।

পরে বুধবার বিকেলে শিশুটিকে নির্যাতনের অভিযোগে তার বাবা বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেছেন। এর পরিপ্রেক্ষিতে নির্যাতনকারী শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

মা-বাবার পিছু পিছু গেটের বাইরে যাওয়ায় ৮ বছরের শিশুকে হুজুরের বেধড়ক পিটুনি!

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়