Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:০৪, ৩ মার্চ ২০২৬

ইত্যাদির নান্দনিক পরিবেশনায় শরিফুল রাজ-সাবিলা নূর

হানিফ সংকেত ও শিল্পীদের সঙ্গে শরিফুল রাজ-সাবিলা নূর। ছবি: ইত্যাদির সৌজন্যে

হানিফ সংকেত ও শিল্পীদের সঙ্গে শরিফুল রাজ-সাবিলা নূর। ছবি: ইত্যাদির সৌজন্যে

ব্যতিক্রমী আয়োজনের নাম ইত্যাদি। বরাবরের মতো এবারও ঈদের বিশেষ পর্বে দলীয় সংগীতের মাধ্যমে সমাজের নানা অবক্ষয়, অসংগতি ও মূল্যবোধের সংকটকে তুলে ধরা হয়েছে বিনোদনের মোড়কে। সামাজিক ক্ষতকে হাস্যরস আর সুরের ভেতর দিয়ে স্পর্শ করাই ইত্যাদির বিশেষত্ব, আর সেই ধারাবাহিকতায় নির্মিত হয়েছে এবারের বক্তব্যধর্মী দলীয় সংগীত।

শৈশবে শেখা নীতিকথা কর্মজীবনে এসে কীভাবে অনেক সময় মর্মহীন হয়ে পড়ে, এই ভাবনাকে কেন্দ্র করেই গানটির নির্মাণ। এতে অংশ নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক শরিফুল রাজ এবং দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূর। তাদের প্রাণবন্ত পরিবেশনা ও চমৎকার কোরিওগ্রাফি দর্শকদের মুগ্ধ করেছে।

গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। নৃত্যে অংশ নিয়েছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পী দল, আর নৃত্য পরিচালনায় ছিলেন নৃত্য পরিচালক মামুন।

নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, সমকালীন প্রেক্ষাপটে সমাজজুড়ে ছড়িয়ে থাকা মিথ্যা ও দুর্নীতির জালে আটকে পড়া নীতিনৈতিকতা ও বাস্তবতাকে প্রতীকী উপস্থাপনায় ফুটিয়ে তোলা হয়েছে এই দলীয় সংগীতে। শিল্পীরা ব্যস্ততার মাঝেও নিয়মিত মহড়ায় অংশ নিয়ে পরিবেশনাটিকে আরও নিখুঁত করে তুলেছেন।

গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এর বহিরাঙ্গনে নির্মিত বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। অভিনয়, নৃত্য ও ছন্দময় উপস্থাপনায় বর্ণাঢ্য এ আয়োজন দর্শকদের জন্য হয়ে উঠবে ঈদের বিশেষ আকর্ষণ।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন-এ ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়