বিনোদন ডেস্ক
বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রাশমিকা মন্দানা
ছবি: সংগৃহীত
দক্ষিণী চলচ্চিত্র জগতের বহুল আলোচিত জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার বিয়ে নিয়ে জল্পনা যেন থামছেই না। শুরু থেকেই শোনা যাচ্ছিল, আগামী ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ গাঁটছড়া বাঁধতে চলেছেন এই দুই তারকা। এরই মধ্যে গত ২ ফেব্রুয়ারি উদয়পুরে তাঁদের বিয়ে হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়তেই সরগরম হয়ে ওঠে অনুরাগী মহল ও সামাজিক যোগাযোগমাধ্যম।
রোববার ছড়িয়ে পড়া সেই গুঞ্জন নিজেই ভেঙে দিয়েছেন রাশমিকা মন্দানা। সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে অভিনেত্রী স্পষ্ট করে জানান, ২ ফেব্রুয়ারি তাঁদের কোনো বিয়ে হয়নি। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাশমিকা এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
তবে ২ ফেব্রুয়ারির খবর মিথ্যা প্রমাণিত হলেও ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখের সম্ভাব্য বিয়ের দিন নিয়ে অনুরাগীদের কৌতূহল এখনও তুঙ্গে। শোনা যাচ্ছে, উদয়পুরেই বসতে পারে বিয়ের আসর। যদিও এই অনুষ্ঠানটি খুব বেশি জাঁকজমকপূর্ণ হবে না বলেই ইন্ডাস্ট্রি সূত্রের দাবি। রাশমিকা ও বিজয় দুজনেই নাকি খুব ব্যক্তিগত পরিসরে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান।
জানা গেছে, বিয়েতে উপস্থিত থাকবেন শুধুমাত্র দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও পরিজনরা। বিনোদন জগতের হাতেগোনা কয়েকজন তারকাকেই আমন্ত্রণ জানানো হতে পারে। সংবাদমাধ্যম ও আলোকচিত্র সাংবাদিকদের বাড়তি নজর এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা জুটি।
তবে বিয়ের আয়োজন যতই ব্যক্তিগত হোক না কেন, প্রীতিভোজে থাকতে পারে বাড়তি আয়োজন। বিয়ের কয়েক দিন পর হায়দরাবাদে বড় পরিসরে প্রীতিভোজের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। সেখানে বিনোদন দুনিয়ার বহু পরিচিত মুখের উপস্থিতি দেখা যেতে পারে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে রাশমিকা ও বিজয়ের বাগদানের খবরও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হয়েছিল, গোপনে পারিবারিক পরিবেশে সেই অনুষ্ঠান সম্পন্ন হয়। যদিও সে সময় এক সাক্ষাৎকারে রাশমিকা বলেছিলেন, “বিয়ে নিয়ে আমি কিছুই স্বীকার বা অস্বীকার করব না। যখন বলার সময় হবে, তখন আমরা নিজেরাই বলব।”
ব্যক্তিগত জীবন ও কাজের ভারসাম্য প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন অভিনেত্রী। তাঁর ভাষায়, “বাড়িতে আমি কাজ নিয়ে প্রায় কোনো কথাই বলি না। অন্তত ৮০ শতাংশ সময় আমি কাজ থেকে নিজেকে দূরে রাখি। তবে কাজের জায়গায় কোনো সমস্যা হলে বিজয়ের সঙ্গে অবশ্যই আলোচনা করি। বাড়িতে ফিরে আমি শুধুই পরিবারের মানুষ।”
ইএন/এসএইচএ
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ

























