ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৪২, ২২ ফেব্রুয়ারি ২০২৬

মদসহ ধরা পড়ার খবর

কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমাকে টার্গেট করা হচ্ছে: মেহজাবীন

মেহজাবীন চৌধুরী। ছবি: ফেসবুক

মেহজাবীন চৌধুরী। ছবি: ফেসবুক

বিদেশ থেকে ফেরার সময় লাগেজে ১৪ বোতল মদসহ আটক হওয়ার গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এ খবরে বলা হয়, তার সঙ্গে ছিলেন স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত।

যদিও বিষয়টি নিয়ে সরাসরি বিস্তারিত ব্যাখ্যা না দিলেও কৌশলে গুঞ্জনের প্রতিবাদ জানিয়েছেন এই অভিনেত্রী। মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইচ্ছাকৃতভাবে তাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে।

পোস্টে মেহজাবীন লেখেন, “কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, আমাকে বিভিন্নভাবে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে।”

তিনি আরও লেখেন, “আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা চলছে। পাশাপাশি উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে আমার মতো অনেক শিল্পীই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, যা একেবারেই কাম্য নয়।”

নারীদের সহজ টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পোস্টের শেষাংশে মেহজাবীন বলেন, “নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে। এর পেছনে কে বা কারা আছে, তা আমার জানা নেই। আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। চাই, আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি, আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ইস্যুতে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। তবে সংশ্লিষ্ট পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি।

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়