Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৭, ৮ এপ্রিল ২০২৬

কবি ও রাজার সংলাপে জীবন্ত ওঠা ঋতুরাজ

ছায়ানট সংস্কৃতি ভবনে রবিঠাকুরের ‘বসন্ত’ নাটক মঞ্চস্থ

ছায়ানট সংস্কৃতি ভবনে মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক ‘বসন্ত’। নাটকের একটি দৃশ্যে শিল্পীরা।

ছায়ানট সংস্কৃতি ভবনে মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক ‘বসন্ত’। নাটকের একটি দৃশ্যে শিল্পীরা।

ঢাকার ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে মঙ্গলবার সন্ধ্যায় মঞ্চস্থ হলো বসন্তনির্ভর মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন ‘বসন্ত’। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই নাটকটি তিনি উৎসর্গ করেছিলেন কাজী নজরুল ইসলাম-কে। উৎসর্গপত্রে ‘স্নেহভাজনেষু’ সম্বোধনে নজরুলের প্রতি এই নিবেদন অনুষ্ঠানটিকে দিয়েছে বিশেষ তাৎপর্য।

নাটকের কাহিনিতে কবি ও রাজার সংলাপের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্ত যেন জীবন্ত হয়ে ওঠে। রাজকোষের শূন্যতা ও সচিবদের চাপ থেকে মুক্তি খুঁজতে রাজা আশ্রয় নেন কবির কাছে। বাস্তবের অভাব-অনটন ভুলিয়ে দিতে কবি আয়োজন করেন বসন্তের পালাগানের। সেই আয়োজন ধীরে ধীরে রূপ নেয় এক অপার্থিব নান্দনিকতায়, যেখানে আকাশ, ধরণি, বনভূমি, আম্রকুঞ্জ ও করবীসহ প্রকৃতির নানা উপাদান পৃথক চরিত্র হয়ে মঞ্চে উপস্থিত হয়।

নাটকের সূচনাতেই ‘আমরা বাস্তুছাড়ার দল’ গানের পরিবেশনায় কবি চরিত্রে অরুণাভ দে, আনন্দি ঘোষ ও দেবস্মিতা কুণ্ডু দর্শকদের আকৃষ্ট করেন। এরপর ‘সব দিবি কে, সব দিবি পায়’ গানে বসন্তের পরিচরদের সম্মেলক পরিবেশনা উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।

বনভূমি, আম্রকুঞ্জ, করবী ও বেণুবনের ধারাবাহিক উপস্থাপনায় সংগীত ও নৃত্যের সমন্বয়ে ফুটে ওঠে প্রকৃতির বৈচিত্র্যময় রূপ। বেণুবন ও দীপশিখার যৌথ পরিবেশনায় ‘দখিন হাওয়া, জাগো জাগো’ গানটি নতুন সুরবিন্যাসে উপস্থাপিত হয়ে অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা।

এছাড়া ‘সহসা ডালপালা তোর উতলা-যে’ গানে ঋতুরাজের পরিচরদের প্রাণবন্ত অংশগ্রহণ মঞ্চকে করে তোলে আরও গতিময়। মাধবী, শালবীথিকা, বকুল ও নদীর পৃথক পরিবেশনাগুলো বসন্তের কোমলতা, আবেগ ও স্নিগ্ধতাকে সুন্দরভাবে তুলে ধরে।

দখিন হাওয়ার ‘শুকনো পাতা কে যে ছড়ায়’ গানে প্রকৃতির রূপান্তরের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে, কবির কণ্ঠে ‘গানগুলি মোর শৈবালেরি দল’ পরিবেশনা দর্শকদের আবারও মূল ভাবনায় ফিরিয়ে আনে।

সবশেষে ঋতুরাজ, মাধবী ও মালতীর সম্মিলিত পরিবেশনা এবং বনপথের সঙ্গে ঋতুরাজের উপস্থিতি মিলিয়ে মঞ্চে নির্মিত হয় বসন্তের এক পূর্ণাঙ্গ ও নান্দনিক চিত্র।

ইএন/এসএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়