Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৫৬, ১১ এপ্রিল ২০২৬

নিজেকে প্রমাণের মঞ্চ ‘তুমি আমি শুধু’: জেফার

জেফার রহমান। ছবি: ফেসবুক

জেফার রহমান। ছবি: ফেসবুক

বাংলা নববর্ষ উপলক্ষে কণ্ঠশিল্পী ও অভিনেত্রী—দুই পরিচয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন জেফার রহমান। নতুন গানের পাশাপাশি মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ওয়েব সিনেমা তুমি আমি শুধু। অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এটি তাঁর বহুল প্রতীক্ষিত কাজ বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি জেফার তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন সিনেমাটির প্রথম গান তোর ছায়া। গানটির কথা যৌথভাবে লিখেছেন বাঁধন ও জেফার রহমান। গীতিকথা রচনার পাশাপাশি সুরও করেছেন জেফার নিজেই। সংগীতায়োজন করেছেন রায়হান মাহবুব রাশা। প্রকাশের পরপরই গানটি শ্রোতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

জেফার জানান, সিনেমার কাহিনি ও চরিত্রের বিভিন্ন আবেগঘন মুহূর্তকে কেন্দ্র করেই গানটি তৈরি করা হয়েছে। তাঁর ভাষায়, সিনেমার জন্য গান তৈরি ও প্লেব্যাক—দুটিই চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই ‘তোর ছায়া’ নির্মাণ করা হয়েছে, যা গল্প ও চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গানটির ভিডিওতে ‘তুমি আমি শুধু’ সিনেমার বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে। এতে প্রীতম হাসান ও জেফারের সাবলীল অভিনয় দর্শকের মনোযোগ কেড়েছে। নতুন এই জুটির প্রথম সিনেমা ঘিরে ইতোমধ্যে দর্শকের প্রত্যাশা বেড়েছে।

পরিচালক শিহাব শাহীন এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিঞ্জ-এর উদ্যোগে বাংলা নববর্ষের প্রথম দিন সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

জানা গেছে, গত বছরের প্রথম ভাগে ‘তুমি আমি শুধু’ ওয়েব সিনেমার নির্মাণকাজ শুরু হয়। এর প্রায় দেড় বছর আগে শুরু হয়েছিল পরিকল্পনা। শুটিং শুরুর পর উল্লেখযোগ্য কোনো বাধা আসেনি। শুরু থেকেই প্রীতম-জেফার জুটির এই সিনেমা নিয়ে দর্শকের কৌতূহল ছিল চোখে পড়ার মতো। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলা নববর্ষ উপলক্ষে বিঞ্জে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

জেফার বলেন, “‘তুমি আমি শুধু’ এমন একটি গল্প ও চরিত্রের সিনেমা, যার জন্য আমি অপেক্ষা করছিলাম। অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য এটি ছিল আমার কাঙ্ক্ষিত কাজ। তাই অভিনয়ে নিজের সর্বোচ্চটা তুলে ধরার চেষ্টা করেছি।”

সব মিলিয়ে এটি তাঁর ক্যারিয়ারের একটি স্মরণীয় সংযোজন হতে যাচ্ছে। একইভাবে সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রীতম হাসান ও সংশ্লিষ্ট।

ইএন/এসএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়