ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১০, ২২ জুলাই ২০২০

তৃতীয়বারের পরীক্ষায়ও করোনা পজিটিভ ব্রাজিলের প্রেসিডেন্ট

তৃতীয়বারের পরীক্ষায়ও করোনা পজিটিভ এসেছে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর। এর আগে গত ৭ জুলাই তার দেহে করোনার উপস্থিতি ধরা পড়ে। প্রথম শনাক্তের পর তিনবার করোনার পরীক্ষা করিয়েছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত তিনি করোনা থেকে সেরে উঠতে পারেননি।

বোলসোনারো সরকারের তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, মঙ্গলবার তার দেহে তৃতীয়বারের মতো করোনার পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ এসেছে। সেখানে বলা হয়েছে, প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ভালো আছে।

করোনার চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন বলে জানিয়েছেন বোলসোনারো। অনেক দেশই ইতোমধ্যে করোনার চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা শুরু করেছে। তবে বিজ্ঞানীদের মধ্যে ম্যালেরিয়ার এই ওষুধের করোনার চিকিৎসায় কার্যকারিতা নিয়ে আনুষ্ঠানিকভাবে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে গত বুধবারও করোনার পরীক্ষা করিয়েছিলেন বোলসোনারো। সে সময় সামাজিক মাধ্যমে হাইড্রক্সিক্লোরোকুইনের পক্ষে সাফাই গাইতে দেখা গেছে তাকে। বোলসোনারো জানান, প্রথম থেকেই চিকিৎসকের পরামর্শে হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন তিনি। এই ওষুধ খাওয়ার পরদিন থেকেই তিনি ভালো অনুভব করছেন বলে জানিয়েছেন।

বিজ্ঞানীরা এখনও এই ওষুধের কার্যকারিতার বিষয়টি স্বীকার করেননি। চিকিৎসকরাও এই ওষুধের মারাত্মক ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন। এক গবেষণায় বলা হয়েছে, এই ওষুধ কিছু রোগীর ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকিও তৈরি করতে পারে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ