ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬, ২৫ জুলাই ২০২০

আমাদের নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হবে: ডব্লিউএইচও

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে ধরা পড়ে করোনাভাইরাস। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ভাইরাসটি বিস্তার লাভ করেছে। ভাইরাসটিতে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ইতোমধ্যে ১ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। বাড়ছে এর দ্বারা মৃতের সংখ্যাও।

করোনাভাইরাস আসার পর থেকেই মানুষের জীবনযাপনের পদ্ধতি অনেকটাই বদলে গেছে। নতুন এক স্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে গোটা বিশ্বের মানুষকে। তবে করোনার প্রকোপ শেষ হলেও পৃথিবীর মানুষ তার পুরনো অভ্যাসে আর জীবনযাপন করতে পারবে না। তাতে খাপ খাওয়ানোর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোভিড-১৯ এর আরও বিস্তার যাতে না ঘটে তার জন্য আমাদের প্রত্যেককে ভূমিকা রাখতে হবে।

কোভিড-১৯ বিশ্বের শত কোটি মানুষের জীবন মারাত্মক এক বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে জানিয়ে ডব্লিউএইচ মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, ‘মানুষ তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাইছে কিন্ত আমরা আর আমাদের পুরনো স্বাভাবিক অবস্থার মধ্যে ফিরে যেতে পারবো না।’

ডব্লিউএইচ মহাপরিচালক পরামর্শ দিয়ে বলছেন, ‘আমরা যেভাবে জীবনযাপন করতাম এই করোনাভাইরাস মহামারি ইতোমধ্যে আমাদের সেই যাপিত জীবনের ধরন পাল্টে দিয়েছে। যদি আমরা নিরাপদে আমাদের জীবনযাপন করতে চাই তাহলে এর জন্য আমাদের নতুন স্বাভাবিক অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে হবে।’

তিনি বলছেন, ‘আমাদের এটা অবশ্যই মনে রাখা উচিত, বেশিরভাগ মানুষ এখনও ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। যতই এর বিস্তার ঘটবে ততই এতে সংক্রমিত হওয়ার ঝুঁকির মুখে পড়বেন সবাই। আপনি যেখানে বাস করছেন সেখানে সংক্রমণ কম মানে আপনি কিন্তু নিরাপদ নন। সাবধানে থাকুন।’

আপনার বয়স কতো কিংবা আপনি কোন অঞ্চলের বাসিন্দা এসব বিবেচনায় না রেখে আমাদের প্রত্যেককেই এমন একটি মহামারি হারানোর কাজে ভূমিকা রাখতে হবে, যেন আমরা আমাদের জীবনে ফিরতে পারি। এমন আহ্বান জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটির প্রধান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ