ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩২, ২৮ জুলাই ২০২০

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১২ বছরের সাজা

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারির প্রথম মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ২১ কোটি রিঙ্গিত (৪১৭ কোটি ৩০ লাখ টাকা) জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার দেশটির রাজধানী কুয়ালা লামপুর হাই কোর্টের বিচারক মোহাম্মদ নাজিম মোহাম্মদ গাজ্জালি এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে তার বিরুদ্ধে আনা সাত অভিযোগের প্রত্যেকটিতেই দোষী সাব্যস্ত করা হয়।

বিচারক মোহাম্মদ নাজলান ঘাজালি জানান, ক্ষমতার অপব্যবহারের একটি ধারায় নাজিবকে ১২ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া বিশ্বাসভঙ্গের তিনটি ধারা এবং অর্থ পাচারের তিনটি ধারার প্রতিটির জন্য ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে এসব সাজা একসঙ্গে চলায় তাকে মোট ১২ বছর কারাগারে থাকতে হবে। এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন তিনি।

২০০৯ সালে মালয়েশিয়ায় নতুন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ানএমডিবি) তহবিলটি গঠন করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক ছিলেন এর প্রতিষ্ঠাতা।

২০১৫ সালে ব্যাংক ও শেয়ারহোল্ডারদের পাওনা পরিশোধে ব্যর্থতার কারণে এই তহবিলের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠে। মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ অভিযোগ করে, এই তহবিল থেকে প্রায় চারে চারশ’ কোটি মার্কিন ডলার অবৈধভাবে আত্মসাৎ করা হয়েছে আর ব্যক্তিগত হিসাবে তা হস্তান্তর করা হয়েছে। এসব অর্থ বিলাসবহুল বাড়ি, বিমান, দামি চিত্রকর্ম কেনাসহ নানা বিলাসী কর্মকাণ্ডে ব্যয় করা হয়েছে।

রায় ঘোষণার সময়ে আদালতে উপস্থিত থাকা নাজিব রাজাক শান্ত ছিলেন। মালয়েশিয়ার প্রথম নেতা হিসেবে দণ্ডিত হওয়ার সময় কঠিন মুখে দাঁড়িয়ে ছিলেন তিনি। দণ্ড ঘোষণার আগে আদালতে দেয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দেন। তিনি দাবি করেন ওই দুর্নীতির বিষয়ে কিছুই জানতেন না তিনি।

২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে নাজিব রাজাক ও তার জোটের ঐতিহাসিক পরাজয়ের নেপথ্যে বড় ভূমিকা রাখে ওয়ানএমবিডি আর্থিক কেলেঙ্কারি। ওই নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ক্ষমতা ছাড়ার মাত্র দুই মাসের মধ্যে নাজিবের বিরুদ্ধে প্রতারণার তিনটি ও ক্ষমতার অপব্যবহারের একটি অভিযোগ আনা হয়। সব মিলে তার বিরুদ্ধে মোট ৪২টি অভিযোগ আনা হয়েছে। এর বেশিরভাগই ওয়ানএমবিডি তহবিল সংক্রান্ত।

মঙ্গলবার নাজিবের বিরুদ্ধে দণ্ড ঘোষণার সময়ে আদালতের বাইরে সমবেত হয় তার বেশ কিছু সমর্থক। তারা সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে স্লোগান দেয়।

সূত্র: বিবিসি

Green Tea
সর্বশেষ