ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১১:১৬, ২০ আগস্ট ২০২০
আপডেট: ১৪:২২, ২০ আগস্ট ২০২০

ভূমধ্যসাগরে বছরের সবচেয়ে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪৫

চলতি বছরে লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় সবচেয়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন পাঁচ শিশুসহ অন্তত ৪৫ জন অভিবাসী এবং শরণার্থী। গত সোমবার এই নৌকাডুবি হয় বলে বুধবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এসব তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

বলা হচ্ছে, সোমবারের ভয়াবহ ওই নৌকাডুবির যারা প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগই আফ্রিকার দেশে সেনেগাল, মালি, শাদ এবং ঘানার বাসিন্দা। 

বুধবার (১৯ আগস্ট) ইউএনএইচসিআর বলছে, ৮০ জনের বেশি যাত্রী নিয়ে যাত্রা শুরু করা ওই নৌকার ইঞ্জিন জারা উপকূলের কাছে বিস্ফোরিত হয়। তারপরই ডুবে যায় নৌকাটি। এতে প্রায় অর্ধশত মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা ৩৭ জনের মতো যাত্রীকে জীবিত উদ্ধার করে। 

ভয়াবহ ও প্রাণঘাতী ওই দুর্ঘটনার পর বুধবার যৌথ বিবৃতিতে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) এমন তথ্য দিয়ে উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার সময় চলতি বছর ভূমধ্যসাগরে তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ২০১৪ সালে আইওএম হিসাব রাখার শুরুর পর গত কয়েক বছরে এই সংখ্যা ২০ হাজারের বেশি।

তবে এই তথ্যের চেয়ে প্রকৃত মৃত্যুর সংখ্যাটা আরও অনেক বেশি বলেই জানাচ্ছে বিবিসি।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়