ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৮, ২৩ আগস্ট ২০২০

মার্চের পর দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ আক্রান্ত

দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণ আবারও বাড়ছে। গত মার্চের পর গেল ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বাধিক আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণ বাড়ায় সামাজিক দূরত্ব মানার নিয়মগুলো আবারও জোরদার করেছে সরকার।

কোরিয়া সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন- কেসিডিসি রোববার জানিয়েছে, সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩৯৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। মার্চের পর এতবেশি আক্রান্ত দেখেনি দক্ষিণ কোরিয়া।

নতুন আক্রান্তদের বেশির ভাগই রাজধানী সিউলের। দেশটির ৫ কোটি ১০ লাখ জনগণের অর্ধেকের বসবাসই এই এলাকায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার সংক্রমণ আবার বাড়তির দিকে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্য আবার বন্ধ করে দেওয়া হতে পারে। সামাজিক দূরত্ব মেনে চলাফেরার নিয়ম আরও কঠোর করা হতে পারে।

কেসিডিসি’র প্রধান সাংবাদিকদের বলেন, “পরিস্থিতি খুবই গুরুতর এবং জটিল। আমরা পুরো দেশজুড়ে মহামারির দ্বারপ্রান্তে অবস্থান করছি। সম্ভব হলে দয়া করে সবাই ঘরে থাকুন।”

দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত ১৭ হাজার ৩৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩০৯ জনের। 

করোনাভাইরাস নিয়ন্ত্রণে যে দেশগুলো সাফল্য দেখিয়েছে এর মধ্যে দক্ষিণ কোরিয়া অন্যতম। কিন্তু আবার করোনার সংক্রমণ দুঃশ্চিন্তায়  ফেলে দিচ্ছে সংশ্লিষ্টদের।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়