ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ২৭ আগস্ট ২০২০

বয়স্কদের শরীরে অ্যান্টিবডি তৈরিতে সক্ষম মর্ডানার টিকা

মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না তাদের কভিড-১৯ রোগের সম্ভাব্য ভ্যাকসিনের (mRNA-1273) নতুন ডেটা প্রকাশ করেছে।

কোম্পানিটির বিজ্ঞানীদের উদ্ধৃত করে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের খবর জানিয়েছে, তরুণ কিংবা অল্প বয়সী প্রাপ্তবয়স্কদের (১৮-৫৫) মতো বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের (৫৬…) শরীরেও ভ্যাকসিনটি অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে।

এর আগে প্রাথমিক ট্রায়ালের যে ডেটা প্রকাশ করা হয়েছিল, সেখানে বলা হয় স্বাভাবিক ডোজে ‘প্রতিরোধ’ হচ্ছে করোনাভাইরাস। পাশাপাশি অন্য মারাত্মক রোগের ঝুঁকিও বাড়ছে না। ওই ট্রায়ালে মূলত ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়।

মডার্না বুধবার বিবৃতিতে বলেছে, ৫৬ বছর কিংবা তার বেশি বয়সী মানুষের শরীরে ভ্যাকসিনটির দুই ডোজে ইতিবাচক ফলাফল দেখা গেছে।

নভেল করোনাভাইরাসে বেশি বয়সী মানুষেরা বেশি ঝুঁকিতে। তাই তাদের জন্য বিশেষ টিকা তৈরির ব্যাপারে অনেকে আহ্বান জানাচ্ছেন।

বয়স বাড়লে মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তখন ওষুধ ছাড়া ছোটখাটো শারীরিক সমস্যাও ঠিক হতে চায় না।

মডার্না জানিয়েছে, ভ্যাকসিনটি বয়স্কদের শরীরে করোনা প্রতিরোধী উচ্চমাত্রার অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। পাশাপাশি টি-সেলও তৈরি হয়েছে।

একজন মানুষ যখন কোনো ভাইরাসে সংক্রমিত হন, তখন শরীর ওই ভাইরাসকে নিষ্ক্রিয় করতে রক্তে যে উপাদান তৈরি করে তাকে অ্যান্টিবডি বলা হয়। কভিড-১৯’র ক্ষেত্রে অনেকের শরীরে আপনা-আপনি অ্যান্টিবডি তৈরি হচ্ছে। অনেকের আবার হচ্ছে না, এদের জন্যই মূলত টিকা দরকার।

একইভাবে আমাদের ‘অভিযোজিত’ রোগপ্রতিরোধক ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ‘টি-সেল’।

অ্যান্টিবডি তৈরি হয় বি-সেল দ্বারা। টি-সেল কিছুটা অন্য রকম। এরা অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। একই সঙ্গে ভাইরাসে সংক্রমিত মানবকোষকে ‘আক্রমণ’ করে। হাম এবং সাধারণ ঠাণ্ডাজনিত রোগ প্রতিরোধের ক্ষেত্রে এই সেলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মডার্নার দাবি, করোনা থেকে সুস্থ হওয়া মানুষের শরীরে এখন যে মাত্রার অ্যান্টিবডি তৈরি হচ্ছে এই টিকায় তার থেকে বেশি হচ্ছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়