ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৯, ৩ সেপ্টেম্বর ২০২০

করোনা সংক্রমণে ২৪ ঘণ্টায় ভারতের বিশ্ব রেকর্ড

ভারতে করোনাভাইরাসের সংক্রমণে কোনোভাবেই লাগাম টেনে ধরা যাচ্ছে না। সংক্রমণে দেশটি একের পর এক রের্কড গড়ছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব তুলে ধরে বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৩ হাজার ২৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এক দিনের হিসেবে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশে এত আক্রান্তের ঘটনা ঘটেনি।

ভারতে করোনা সংক্রমণ ধরা পড়ার পর শনাক্তের সংখ্যা এই প্রথম ৮৩ হাজার ছাড়াল। গত চার দিনের মধ্যে তিন দিনই ৮০ হাজার ছাড়ানো আক্রান্তের ঘটনা ঘটল। তাতে দেশটিতে করোনাভাইরাস সংক্রমণের বার বাড়ন্ত রূপই প্রকাশ পাচ্ছে।

একদিনের আক্রান্তের রেকর্ডে ভারতের কাছাকাছি অবস্থান যুক্তরাষ্ট্রের। দেশটিতে ১৬ জুলাই ৭৭ হাজার ২৫৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। প্রায় ৭৯ হাজার আক্রান্ত নিয়ে সেই রেকর্ডটি ২৯ আগস্ট ছেড়ে যায় ভারত।

নতুন ৮৩ হাজারের বেশি মানুষের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ায় ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লাখ ৫৩ হাজার। বৈশ্বিক তালিকায় আক্রান্তে তৃতীয়স্থানে আছে দেশটি, এশিয়ার মধ্যে শীর্ষে।

গত চব্বিশ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৪১৫ জন। করোনায় মৃত্যুর বৈশ্বিক তালিকায়ও তৃতীয়স্থানে ভারত।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়