ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ৫ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২০:৩৮, ৫ সেপ্টেম্বর ২০২০

টিকার অনুমোদন পেতে কার্যকারিতার প্রমাণ লাগবে: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, নভেল করোনাভাইরাসের টিকার বৈশ্বিক অনুমোদন পেতে হলে ‘অবশ্যই নিরাপদ এবং কার্যকারিতার প্রমাণ লাগবে’। এদিকে রাশিয়া এবং চীন এরই মধ্যে টিকার ব্যবহার শুরু করেছে।

রাশিয়া তৃতীয় বা চূড়ান্ত ধাপের ট্রায়াল শেষ না করেই জাতীয়ভাবে স্পুটনিক ভি টিকার অনুমোদন দেয়। দেশ দুটির দাবি, প্রাথমিক ট্রায়ালে তাদের টিকা সফল প্রমাণিত হয়েছে।

ডব্লিউএইচও-র মুখপাত্র মার্গারেট হ্যারিস বলছেন, ‘সাধারণের ব্যবহারের জন্য অনুমোদন পাওয়ার আগে একটি ভ্যাকসিনকে ট্রায়ালে অবশ্যই ৫০ শতাংশ মানুষের শরীরে কার্যকরী বলে প্রমাণিত হতে হবে।’

রাশিয়া শুরুতে তাদের প্রাথমিক ট্রায়ালের ফলাফল কোনো সংস্থার কাছে জমা না দিলেও সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বাস্থ্যবিষয়ক গবেষণা সাময়িকী দ্য ল্যানসেটে তথ্য প্রকাশ করেছে। সেখানে তাদের উদ্ভাবিত টিকাকে নিরাপদ ও কার্যকর বলা হলেও তৃতীয় ধাপের ট্রায়ালের জন্য অপেক্ষার পরামর্শ দেয়া হয়েছে।

মার্গারেট হ্যারিস বলছেন, চূড়ান্ত ধাপের ট্রায়াল শেষ করে টিকা পেতে-পেতে ২০২১ সালের কয়েক মাস পেরিয়ে যাবে, ‘বাস্তবসম্মত সময়ের নিরিখে আমরা সত্যিই আগামী বছরের মাঝামাঝির আগে বিশ্বজুড়ে একটি কার্যকর ও নিরাপদ টিকা দেখতে পাওয়ার আশা করতে পারি না।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়