ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ৬ সেপ্টেম্বর ২০২০

ট্রাম্পের জন্য ভোট চাইলেন লাদেনের ভাতিঝি

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জন্য ভোট চাইলেন মার্কিন বাহিনীর হাতে নিহত আল কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনের ভাতিজি নুর বিন লাদেন।

আগামী ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এরইমধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের দুই প্রতিদ্বন্দ্বী নির্বাচনের মাঠ গরম করে চলেছেন। রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট দলের জো বাইডেনকে তাদের তারকা সমর্থকরা সমর্থন দিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় ওসামা বিন লাদেনের ভাতিজি বর্তমান ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার সমর্থন জানালেন।

সুইজারল্যান্ডে বসবাস করলেও ২০১৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেয়ার পর থেকেই ট্রাম্পকে কড়া সমর্থন দিয়ে আসছেন নুর বিন লাদেন। নুরের মা সুইস লেখক কারমেন ডুফুর, বাবা সৌদি ধনাঢ্য পরিবারের ছেলে ইয়েসলাম বিন লাদেন। ১৯৮৮ সালে নুরের মা-বাবার বিচ্ছেদ হয়ে যায়। এরপর ২০০১ সালে ৯/১১ হামলার পর ২০০৪ সালে লাদেন পরিবার নিয়ে বই লিখে ব্যাপক খ্যাতি পান নুরের মা কারমেন।

সৌদি আরবের লাদেন পরিবারের সদস্য নুর বিন লাদেন বলেন, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ধরে নিতে হবে আরেকটি ৯/১১ দোরগোড়ায়। আরেকটি ৯/১১ ঠেকাতে পারবেন কেবল বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসী জঙ্গিরা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে। এর দুটি আঘাত করে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনে, একটি আঘাত করে ওয়াশিংটনের পেন্টাগনে এবং আরেকটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়। সব মিলিয়ে প্রায় তিন হাজার লোক নিহত হয়। এ ঘটনায় শুরু থেকেই আল কায়েদা ও ওসামা বিন লাদেনকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়