ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১, ১৫ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৭:৩৪, ১৫ সেপ্টেম্বর ২০২০

যুক্তরাজ্যে করোনায় কর্মহীন ৭ লাখ মানুষ

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের অর্থনীতি বর্তমানে টালমাটাল অবস্থায় রয়েছে। বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ যুক্তরাজ্যেও এর বিরূপ প্রভাব পড়েছে। দেশটিতে গেল ৫ মাসে কাজ হারিয়েছে প্রায় সাত লাখ মানুষ।

মঙ্গলবার এক প্রতিবেদনের মাধ্যমে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান বিভাগ (ওএনএস) এই তথ্যটি জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, গত এপ্রিল থেকে অগাস্ট মাসে যুক্তরাজ্যে বেকারত্বের হার ৪ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশটিতে ১৬ থেকে ৬৪ বছর বয়সী নাগরিকদের মধ্যে কর্মহীন লোকের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ২ শতাংশে।

এর আগে জানুয়ারি-মার্চ সময়কালে যুক্তরাজ্যে বেকারত্বের হার বেড়ে ৩ দশমিক ৯ শতাংশ ছিল।

ওএনএস-এর ডিরেক্টর ড্যারেন মর্গ্যান বলেছেন, জুলাই থেকে লকডাউন সংক্রান্ত বিধি-নিষেধ শিথিল হওয়ায় চাকরির বাজার কিছুটা শান্ত হওয়া শুরু হলেও মহামারি শুরুর পূর্বের অবস্থানে ফেরা বেশ কষ্টসাধ্য হয়ে যাবে।  

দেশটিতে প্রতিদিনই চাকরি হারাচ্ছে শতশত মানুষ। প্রতিবেদনটি প্রকাশের আগের দিন সোমবারও দেশটি জুড়ে ২৩৯ জন লোক তাদের চাকরি হারিয়েছে। এর ফলে দেশটিতে বেকারত্ব ভাতার জন্য আবেদনের পরিমাণও ক্রমেই বেড়ে চলছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়