ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১২, ২০ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১১:১৫, ২০ সেপ্টেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রে এখনো স্থগিত অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়াল!

টিকা নেয়া এক অংশগ্রহণকারী অসুস্থ হওয়ার পর অক্সফোর্ড ইউনিভার্সিটির টিকার ট্রায়াল যুক্তরাষ্ট্রে এখনো শুরু হয়নি। অথচ কয়েক দিন আগে ট্রায়াল পরিচালনাকারী কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা জানায়, তারা আবার ট্রায়াল শুরু করেছে।

রবিবার রয়টার্স জানিয়েছে, সাধারণ মানুষের চাপের মুখে অ্যাস্ট্রাজেনেকা যুক্তরাষ্ট্রে ট্রায়াল এখনো শুরু করতে পারেনি। তাদের ট্রায়ালের ধরন নিয়ে প্রশ্ন ওঠার পর কোম্পানিটি বিভিন্ন তথ্য প্রকাশ করেছে।

সেপ্টেম্বরের শুরুতে ট্রায়ালের এক নারী স্বেচ্ছাসেবী কিছুটা অসুস্থ হন। এরপর পৃথিবীর সব দেশে নিজেদের টিকার ট্রায়াল স্থগিত করে অক্সফোর্ড। পরে প্রতিষ্ঠানটি দাবি করে, অসুস্থতা গুরুতর কিছু নয়।

তাদের সেই তথ্য অনুযায়ী ভারতসহ বেশ কয়েকটি দেশে নতুন করে ট্রায়াল শুরু হয়েছে।

অক্সফোর্ড আগে দাবি করে, প্রথম দুই ধাপের ট্রায়ালে তাদের টিকা নিরাপদ এবং কার্যকরী হিসেবে প্রমাণিত হয়েছে।

কোম্পানিটি এখন বলছে, ‘বড় ধরনের ট্রায়ালে অসুস্থতা দেখা দেয়ার শঙ্কা থাকে, তবে অবশ্যই সেটি স্বাধীনভাবে এবং সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করতে হবে।’

সেই বিশ্লেষণের জন্য তারা একটি কমিটি গঠন করেছিল। কমিটির প্রতিবেদন অনুযায়ীই ট্রায়াল পুনরায় শুরুর সিদ্ধান্ত নেয়া হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়