আন্তর্জাতিক ডেস্ক
আইসোলেশন ভঙ্গ করলে দশ হাজার পাউন্ড জরিমানা!
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক
জনগণ মেনে না চললে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আরোপিত বিধিনিষেধ আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এমন এক অবস্থায় রয়েছি যেখান থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’ সবাই যদি নিয়ম অনুসরণ করে তাহলে দেশজুড়ে আরেক দফা লকডাউন এড়ানো যাবে বলেও জানান তিনি।
একই দিন স্বেচ্ছায় আইসোলশেন (ভাইরাস নিয়ন্ত্রণে নিজেকে বিচ্ছিন্ন রাখা) ভঙ্গকারীদের দশ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানার বিধান করেছে দেশটির সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় দশ লাখ টাকারও বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতোমধ্যে সতর্ক করে দিয়ে বলেছে ইউরোপে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। সংস্থাটি জানিয়েছে, অঞ্চলটির পরিস্থিতি খুবই মারাত্মক হতে যাচ্ছে। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে সংস্থাটির আঞ্চলিক পরিচালত হ্যান্স ক্লুজ বলেছেন,অঞ্চলটিতে নতুন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকা আসন্ন ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে। ইউরোপের সঙ্গে তাল মিলিয়ে যুক্তরাজ্যেও আক্রান্তের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। ফলে দ্বিতীয় দফা প্রাদুর্ভাবের আশঙ্কা করা হচ্ছে।
এমন বাস্তবতায় বাসাবাড়িতে জমায়েত এবং বার ও রেস্টুরেন্ট খোলা রাখার সময় কমিয়ে আনার কথা বিবেচনা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যে আরেক দফা লকডাউন আরোপ করা হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বিবিসিকে বলেন, ‘উড়িয়ে দিতে পারছি না, তবে সেটা দেখতে চাই না।’
করোনাভাইরাস নিয়ে সরকার অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে এমন অভিযোগ অস্বীকার করে ম্যাট হ্যানকক বলেন, সরকারি পদক্ষেপের কারণেই মৃত্যু এবং হাসপাতালে ভর্তির পরিমাণ তুলনামূলকভাবে কমে গেছে। এই বছরের মধ্যেই করোনার একটি ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে বলেও জানান তিনি।
সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি প্রশমিত করতে দুই সপ্তাহের ছোট লকডাউন আরোপের বিষয়টি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিবেচনায় রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। গত শনিবারও যুক্তরাজ্যে চার হাজার ৪২২ জন করোনা আক্রান্ত শনাক্ত এবং ২৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে যুক্তরাজ্যে এখন পর্যন্ত স্বেচ্ছায় আইসোলেশনের নির্দেশনা কেবল পরামর্শ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে ২৮ সেপ্টেম্বর থেকে এই নির্দেশনা ভঙ্গকারীদের দশ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানার বিধান করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী করোনায় আক্রান্ত ব্যক্তি কিংবা তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের আইসোলেশনে থাকা বাধ্যতামূলক। এই নিয়মভঙ্গকারী ব্যক্তি কম আয়ের হলে প্রথমবার পাঁচশ’ পাউন্ড জরিমানা করা হবে। উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য এর পরিমাণ বাড়বে। প্রাথমিকভাবে এক হাজার পাউন্ড থেকে জরিমানা শুরু হবে আর একাধিকবার কিংবা ভয়াবহভাবে লঙ্ঘনের জন্য দশ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘এই ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে, সবচেয়ে স্পর্শকাতর ব্যক্তিদের আক্রান্ত হওয়া থেকে রক্ষা করতে এবং জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও জীবন রক্ষায় আমাদের সবকিছু করা প্রয়োজন।’
উল্লেখ্য, এই সপ্তাহে ব্রিটিশ অ্যাটর্নি জেনারেল জানান করোনাভাইরাস সংক্রান্ত বিভিন্ন নিয়মকানুন ভঙ্গের অভিযোগে এখন পর্যন্ত মোট ১৯ হাজার মানুষের বিরুদ্ধে জরিমানা ইস্যু করা হয়েছে। তবে এদের অর্ধেকেরও বেশি এখনও জরিমানার অর্থ পরিশোধ করেনি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























