ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৪, ২২ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:৫৬, ২২ সেপ্টেম্বর ২০২০

‘কোভ্যাক্স’ জোটে যোগ দিল ৬৪ ধনী দেশ

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার ভ্যাকসিন বাজারে আসার পর তা  দরিদ্র দেশগুলোর জন্যও সহজলভ্য করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও যে উদ্যোগ নিয়েছে তাতে এরই মধ্যে ৬০টির বেশি সম্পদশালী দেশ যোগ দিয়েছে।

তবে সোমবার প্রকাশিত এই তালিকায় যুক্তরাষ্ট্র ও চীনের নাম পাওয়া যায়নি বলে এএফপি’র খবরে বলা হয়েছে।

গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স গ্রুপ (গাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপার্ডনেস ইনোভেশন্স (সিইপিআই) এর সঙ্গে যৌথ উদ্যোগে কভিড-১৯ এর ভবিষ্যৎ ভ্যাকসিনের ন্যায়সংগত বণ্টনের লক্ষ্যে একটি কৌশল প্রণয়ন করেছে ডব্লিউএইচও। আর এ উদ্যোগটির নাম ‘কোভ্যাক্স’।

এর মাধ্যমে বিশ্বের নিম্ন আয়ের ৯২টি দেশে করোনার ভ্যাকসিন সরবরাহের জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে। কৌশল প্রণীত হলেও আশানুরূপ তহবিল পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় ডব্লিওএইচও গত সপ্তাহে ধনী দেশগুলোকে এগিয়ে আসতে আহ্বান হানায়।

সোমবার পর্যন্ত কোভ্যাক্স তালিকায় নাম লিখিয়েছে ৬৪টি ধনী দেশ। আসছে দিনগুলোতে এতে আরও ৩৮টি দেশ যোগ দেবে বলে তিন সংস্থা এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। নাম লেখানো দেশগুলোর মধ্যে রয়েছে নরওয়ে ও আইসল্যান্ডসহ ইউরোপিয়ান কমিশনের সবগুলো দেশ।

এদিকে অধিকাংশ দেশ যখন কোভ্যাক্স উদ্যোগে শামিল হচ্ছে তখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিওএইচও’র ক্রমাগত সমালোচনা করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়া চলছে। তালিকায় যুক্তরাষ্ট্র নেই। এ ছাড়া করোনাভাইরাসের আঁতুড়ঘর চীনও নেই এই তালিকায়।

গ্লোবাল ভ্যাকসিন এলায়েন্স গ্রুপ-গাভি’র প্রধান শেঠ বার্কলে ভার্চুয়াল বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন- “বিশ্বের সকল দেশের সঙ্গে কাজ করা কোভ্যাক্সের লক্ষ্য। সকল দেশের সঙ্গে আমাদের আলোচনা চলছে এবং এ আলোচনা অব্যাহত থাকবে।”

কোভ্যাক্স উদ্যোগ নিয়ে ডব্লিওএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসাস আশা প্রকাশ করে বলেন, “আমাদের এই উদ্যোগে বিশ্ব জনসংখ্যার দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্বকারী দেশগুলো অংশ নিতে সম্মত হয়েছে।”

করোনাভাইরাস মহামারিকে নজিরবিহীন বিশ্ব সংকট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এ সংকট মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপও হতে হবে নজিরবিহীন। হয় আমরা একসঙ্গে ডুবব, না হয় সাঁতরে যাব।”

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়