ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৯, ২০ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:২০, ২০ জানুয়ারি ২০২১

বন্ধুত্বের উপহারস্বরূপ ৬টি দেশকে টিকা দিচ্ছেন মোদি

ছবি: sundayguardian

ছবি: sundayguardian

বন্ধুত্বের উপহারস্বরূপ বাংলাদেশসহ ছয়টি দেশকে কোভিড-১৯ টিকা উপহার দেওয়ার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরমধ্যে মালদ্বীপ ও ভুটানে আজকেই পৌঁছবে উপহারের টিকাগুলো।

প্রথম ধাপের টিকা সহায়তার অংশ এসব টিকা পাঠাচ্ছে  ভারতীয় সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এই খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

টিকা উপহার দেওয়ার কথা জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘দীর্ঘদিনের আস্থাভাজন অংশীদারদের প্রয়োজন মেটানোর এই সুযোগ পেয়ে ভারত সম্মানিত বোধ করছে।’

সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা ভারত প্রথমেই পাঠাবে মালদ্বীপ ও ভুটানে। আজ বুধবারই এই টিকা পৌঁছে যাবে সেখানে। মালদ্বীপে পাঠানো হচ্ছে ১ লাখ ডোজ আর ভুটান পাচ্ছে দেড় লাখ ডোজ টিকা।

বাংলাদেশ ও নেপালে টিকা পৌঁছাবে বৃহস্পতিবার। বাংলাদেশ সরকার ইতোমধ্যে জানিয়েছে, ভারত থেকে ২০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাওয়া যাচ্ছে এবং সেটা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা।

বাংলাদেশ ও নেপালের পর ভারত সরকারের উপহার দেওয়া টিকা শুক্রবার পৌঁছাবে মিয়ানমার ও সেসেলেসে।

আইনিউজে আরও পড়ুন-

ন্যান্সি পেলোসির ল্যাপটপ চুরি, ট্রাম্প-সমর্থক গ্রেপ্তার

আমেরিকানদের উদ্দেশ্যে ট্রাম্পের স্ত্রীর বিদায়ী বার্তা

রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে নেয়া যাবে না কোভ্যাক্সিন

এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মরিশাসেও টিকা পাঠানোর ইচ্ছা রয়েছে নয়াদিল্লির। ওই সব দেশে টিকাটি ছাড়পত্র পেলেই তা পাঠানো হবে।

অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা সেরাম ইনস্টিটিউটে উৎপাদনের পাশাপাশি ভারতীয় কোম্পানি ভারত বায়োটেকও একটি কোভিড-১৯ টিকা উদ্ভাবন করেছে। বিশ্বে আক্রান্তদের হিসেবে দ্বিতীয় এবং মৃত্যুর তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারতে ইতোমধ্যে টিকাদান শুরু হয়েছে। 

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়