ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১, ২৬ জানুয়ারি ২০২১

৭২তম প্রজাতন্ত্র দিবস পালন করছে ভারত

ফাইল ছবি

ফাইল ছবি

অত্যন্ত মর্যাদার সঙ্গে ৭২তম প্রজাতন্ত্র দিবস পালন করছে ভারত। এ উপলক্ষে দিল্লিতে পালিত হয়েছে সেনাবাহিনীর কুচকাওয়াজতবে করোনাভাইরাসের কারণে দর্শক উপস্থিতি সীমিত রাখা হয়েছে। 

১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশের কবল থেকে মুক্তি পায় ভারত। কিন্তু তখনও দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না। ভারত স্বাধীনতা পাওয়ার পরই একটি স্থায়ী সংবিধান রচনার জন্য গঠিত হয় কমিটি। গঠিত হয় খসড়া সংবিধান। অবশেষে ১৯৫০ সালের ২৪ জানুয়ারি চূড়ান্ত সংবিধান গঠিত হয়। এর দুদিন পর ২৬ জানুয়ারি সারা দেশজুড়ে সংবিধান কার্যকর হয়। তাই আজকের দিনটিতে সারা ভারতজুড়ে পালিত হয় প্রজাতন্ত্র দিবস।

এবারের প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণকারী জওয়ানের সংখ্যাও কমানো হয়েছে। করোনা সুরক্ষা বিধির জন্য কমেছে দর্শক সংখ্যাও। এবার দর্শক সংখ্যা প্রায় ২৫ হাজার। ১৫ বছরের নীচে শিশু এবং প্রবীণ লোকজনকে অনুষ্ঠানে হাজির থাকার অনুমতি দেওয়া হয়নি।

এবার প্রথমবার প্রজাতন্ত্র দিবসে রাফায়েল যুদ্ধবিমানের মহড়া দেখা গেছে। একটি রাফায়েল, দুটি জাগুয়ার এবং দুটি মিগ-২৯ বিমান ছিল। ৩শ মিটার উচ্চতায় এবং ঘণ্টায় ৭৮০ কিলোমিটার বেগে মহড়া চলেছে।

এবার সিলকা সমরাস্ত্র সিস্টেমের নেতৃত্ব দিয়েছেন ১৪০ এয়ার ডিফেন্স রেজিমেন্টের (সেলফ প্রপেলড) ক্যাপ্টেন প্রীতি চৌধুরী। চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতীয় সেনাবাহিনীর একমাত্র নারী কমান্ডার তিনি।

মঙ্গলবার সকালে দিল্লির রাজপথে শুরু হয় কুচকাওয়াজ। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তিন বাহিনীর প্রধানসহ বিশিষ্ট ব্যক্তিরা। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য প্রদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রজাতন্ত্র দিবসের সকাল থেকেই নিরাপত্তার চাদরে ঢাকা পড়ে দিল্লি। বিভিন্ন প্রান্তে কড়া নজর রেখেছে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর। পরীক্ষা করা হচ্ছে বিভিন্ন গাড়ির নথিপত্র। প্রজাতন্ত্র দিবসের সকালেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় লিখেছেন, ‘দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়