ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪, ২৮ জানুয়ারি ২০২১

লাখ ছাড়াল ব্রিটেনে করোনায় মৃত্যু, দায় নিলেন প্রধানমন্ত্রী জনসন

বরিস জনসন

বরিস জনসন

ব্রিটেনে মহামারি করোনায় মৃতের সংখ্যা এক লাখ অতিক্রম করায় শোকপ্রকাশ করে সব মৃত্যু ও অন্যান্য বিপর্যয়ের দায় স্বীকার করে নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

মঙ্গলবার ব্রিটেনে করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ৬৩১ জনের মৃত্যু হয়েছে। এর ফলে সেখানে কোভিডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬২ জনে।

ডাউনিং স্ট্রিটে এক সাংবাদিক সম্মেলনে করোনার এই মৃত্যুর মিছিলের সব দায়ভার নিজেই নেন বরিস জনসন। তার কথায়, যে সমস্ত প্রাণ ঝরে গেল, তার প্রত্যেকটির জন্য আমি গভীর ভাবে মর্মাহত। অবশ্যই একজন প্রধানমন্ত্রী হিসেবে সবকিছুর পূর্ণ দায়ভার আমি নিচ্ছি।

সাংবাদিক সম্মেলনে কার্যতই হতাশ দেখাচ্ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। তাকে বলতে শোনা যায়, এই ভয়ংকর পরিসংখ্যানের হিসাব করা সত্যিই দুঃখজনক। মৃতদের দেখতে আত্মীয়রা আসতে পারছেন না। একবার বিদায় জানানোর সুযোগও পাচ্ছেন না তারা। আমরা এই পরিস্থিতিতে সবাই একসঙ্গে মিলে লড়াই করতে পারি। যতটা সম্ভব বাড়িতে থেকে ও ভ্যাকসিন নিয়ে ভাইরাসটাকে হারানোর চেষ্টা করা দরকার।

কয়েকদিন আগেই বরিস দাবি করেছিলেন, গবেষণায় যতটুকু দেখা গেছে, তা থেকে মনে করা হচ্ছে করোনার এই নয়া স্ট্রেন আগের স্ট্রেনের থেকে অনেক বেশি প্রাণঘাতী। কেবল দ্রুত ছড়ানোই নয়, তার পাশাপাশি লন্ডন ও দক্ষিণপূর্ব ব্রিটেনে প্রথম দেখা মেলা এই স্ট্রেন থেকে মৃত্যুর হারও বেশি। এই ব্যাপারে বেশ কিছু প্রমাণ মিলেছে।

তবে ইংল্যান্ডের মুখ্য মেডিক্যাল অফিসার প্রফেসর ক্রিস হুইট্টিআশা প্রকাশ করে বলেন, আগামী দু’সপ্তাহের মধ্যে ধীরে ধীরে সংক্রমণ কমবে। কেবল আমাদের সতর্ক থাকতে হবে আমরা যেন লকডাউনের নিষেধাজ্ঞাকে কোনও রকম অবহেলা না করি। সেই সঙ্গে কোনো গুজবে কান না দেয়ারও অনুরোধ করা হয় প্রশাসন থেকে।

সূত্র: বিবিসি

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়