ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২০, ৭ মে ২০২১
আপডেট: ১৬:৪৩, ৭ মে ২০২১

ভারতে করোনা মহামারী ক্রমশ ‘পূর্ব দিকে’ এগোচ্ছে

সম্প্রতি ভারতের পূর্বাঞ্চলীয় বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে বাড়তে শুরু করেছে করোনা শনাক্ত এবং মৃতের সংখ্যা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সর্তক করে জানিয়েছে, করোনা মহামারী এখন ক্রমশ পূর্ব দিকে এগোচ্ছে।

আসাম, পশ্চিমবঙ্গ, ওডিশা, ঝাড়খণ্ড ও বিহার- পূর্ব ভারতের এই পাঁচটি রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যগুলোর কর্মকর্তাদের সঙ্গে আপদকালীন বৈঠকের পরই দিল্লিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ মন্তব্য করা হয়েছে।

দক্ষিণ, পশ্চিম বা উত্তর ভারতের তুলনায় পূর্ব ভারতের পরিস্থিতি এতদিন কিছুটা ভালো ছিল। কিন্তু তা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে ইঙ্গিত পাওয়ার পরই বুধবার বিকেলে পূর্বের পাঁচটি রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় আমলা ও বিশেষজ্ঞরা।

পরে রাতে দিল্লিতে জারি করা এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকার বলেছে, ‘যাবতীয় সাক্ষ্যপ্রমাণ এদিকেই দিকনির্দেশ করছে যে, কভিড মহামারী এখন ক্রমশ পূর্ব দিকে এগোচ্ছে।’

আরও পড়ুন: করোনায় বিপর্যস্ত ভারতকে ফাউচির তিন পরামর্শ

‘দেশের (পূর্ব প্রান্তের) এই রাজ্যগুলোতে দৈনিক শনাক্তের সংখ্যা ক্রমশ বাড়ছে, যেমন বাড়ছে মৃত্যু হারও’ বলা হয় বিবৃতিতে।

বিহারে সোমবারেও মোট শনাক্ত রোগীর সংখ্যা ছিল সাড়ে ১১ হাজার। গত মাসের শেষ সপ্তাহেও সেই গড় ছিল দশ হাজারের নিচে। অথচ বৃহস্পতিবার সেই সংখ্যা প্রায় ১৫ হাজারে পৌঁছেছে। রাজ্যে ১৫ মে পর্যন্ত জারি করা হয়েছে লকডাউন।

আসামে সপ্তাহদুয়েক আগেও দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল এক হাজারের নিচে। এখন তা পাঁচ হাজারের কাছাকাছি গিয়ে ঠেকেছে।

পশ্চিমবঙ্গে মাত্র দিনদশেক আগেও প্রতিদিন ১০-১২ হাজার করে নতুন কভিড রোগী শনাক্ত হচ্ছিলেন। এখন সেখানেও দৈনিক সংক্রমণ ১৮ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে, যা আগের দিনের তুলনায় ২ হাজার বেশি। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জনে।

আর এই সময়ে মারা গেছেন ৩ হাজার ৯১৫ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৩ জনে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ