ঢাকা, শুক্রবার ০৭ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৩ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ৯ মে ২০২১
আপডেট: ২৩:৪৫, ৯ মে ২০২১

মালদ্বীপের কাছে আছড়ে পড়লো চীনা রকেটের ধ্বংসাবশেষ

কয়েকদিন ধরেই আলোচনায় ছিলো চীনের সেই রকেটের ধ্বংসাবশেষ অনিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে আছড়ে পড়ার বিষয়টি। ১৮ টন ওজনের এই ধ্বংসাবশেষ কয়েক দশকের মধ্যে বায়ুমণ্ডলে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়া সবচেয়ে বড় মহাকাশ বর্জ্যের অন্যতম। অবশেষে বৃহত্তম নভোযান ‘লংমার্চ ফাইভ বি’র সেই ধ্বংসাবশেষটি পৃথিবীতে আছড়ে পড়েছে।

রোববার (৯ মে) সকালে সেটি দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপের কাছে ভারত মহাসাগরের একটি অংশে আছড়ে পড়ে। রোববার সকালে বেইজিং এই তথ্য জানায়।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চীনা রকেটের ধ্বংসাবশেষের ওই অংশটি আছড়ে পড়ার আগে বেশিরভাগ অংশ বায়ুমণ্ডলে থাকা অবস্থায়ই আগুনে পুড়ে যায়।

যদিও এর আগেই অনেক গণমাধ্যম জানিয়েছিলো এটি রোববার সকালের দিকে পৃথিবীতে আঘাত হানবে। বিস্তারিত...

চীনের ন্যাশনাল স্পেস অ্যামিনিস্ট্রেশনের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সময় শনিবার রাত ১০টা ২৪ মিনিটে বা বাংলাদেশ সময় রোববার সকাল ৮টা ২৪ মিনিটে রকেটের ওই ধ্বংসাবশেষটি মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে আছড়ে পড়ে।

যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। 

চীনের নতুন মহাকাশ স্টেশনের প্রথম মডিউল হিসেবে গত ২৯ এপ্রিল পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণ করা হয় মার্চ-৫বি নামের ওই রকেটটি। এর ১৮ টন ওজনের মূল অংশটি এক পর্যায়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। রকেটটি অনিয়ন্ত্রিতভাবে কোথায় আছড়ে পড়ে এ নিয়ে দুনিয়াজুড়ে উদ্বেগ তৈরি হলেও বেইজিং অবশ্য এর ভীতিকে খাটো করেই দেখিয়েছে। তাদের দাবি ছিল, এতে ক্ষয়ক্ষতির ঝুঁকি খুবই কম। কেননা, রকেটের বেশিরভাগ উপাদানই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময়ই নষ্ট হয়ে যাবে। এখন বাস্তবেও তাদের এমন দাবির প্রতিফলন ঘটেছে বলে প্রতীয়মান হচ্ছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়