ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৮, ৭ জুন ২০২৬

শ্রীমঙ্গলে ট্রেন দুর্ঘটনার মিছিল: ৪৮ ঘণ্টায় প্রাণ গেল দুই যুবকের

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু হয়েছে। পৃথক দুটি ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন। উপজেলার সদর ইউনিয়নের দ্বারিকাপাল মহিলা কলেজসংলগ্ন রেলগেট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হলেও অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে এনামুল মিয়া ফাহিম (২৫) এবং তাঁর বন্ধু সিয়াম। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে ফাহিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহত সিয়াম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এর একদিন পর রোববার (৭ জুন) দুপুরে একই এলাকার দ্বারিকাপাল মহিলা কলেজসংলগ্ন রেলগেট এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে একই দিন দুপুরে রংপুর থেকে অভিমান করে বাড়ি ছেড়ে আসা শামসু নামে এক যুবক পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হাসপাতাল সূত্র আরও জানায়, শনিবার আহত হওয়া সিয়ামও ট্রেনের ছাদ থেকে পড়ে আহত হয়েছিলেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোলায়মান আকঞ্জী বলেন, “রোববার দুপুরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এছাড়া শনিবার আহত দুই যুবককেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল।”

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, “গতকাল ও আজ ট্রেন থেকে পড়ে পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার নিহত অজ্ঞাতপরিচয় যুবকের পরিচয় শনাক্তে পিবিআইকে অবহিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ছাদে অবস্থানকালে গাছের ডাল বা অন্য কোনো বস্তুর সঙ্গে ধাক্কা লেগে তারা নিচে পড়ে যান। অসাবধানতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।”

ঘনঘন এমন দুর্ঘটনা ট্রেনের ছাদে ভ্রমণের ঝুঁকি ও নিরাপত্তা সচেতনতার অভাবকে আবারও সামনে নিয়ে এসেছে। সংশ্লিষ্টরা যাত্রীদের ঝুঁকিপূর্ণভাবে ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়