ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫০, ৯ জুন ২০২৬

সিলেটে ছিনতাই ও প্রতারণা মামলার আসামি গ্রেফতার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের রাজনগরে সংঘটিত আলোচিত ছিনতাই মামলার অভিযুক্ত এবং পৃথক একটি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী ইমরান মিয়া (২৮) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার চান্দভাগ এলাকার একজন ব্যবসায়ী। গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টায় তিনি তার পিতাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলে দোকানের মালামাল ক্রয়ের উদ্দেশ্যে রওনা হন। এ সময় তার কাছে নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা ছিল।
সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে তারা রাজনগর উপজেলার নন্দীউড়া এলাকায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে পেছন থেকে নেভি-ব্লু রঙের একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ইমরান মিয়া ও তার পিতা সড়কের পাশে পড়ে যান।

এরপর প্রাইভেটকার থেকে নেমে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাদের হাতে থাকা জিআই পাইপ দিয়ে ইমরান মিয়া ও তার পিতাকে এলোপাতাড়িভাবে মারধর করে। একপর্যায়ে আরেক ব্যক্তি জিআই পাইপ দিয়ে হত্যার ভয় দেখিয়ে ইমরান মিয়ার পিতার কাছ থেকে নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা দ্রুত প্রাইভেটকারযোগে রাজনগর কলেজ পয়েন্টের দিকে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিএসসি, সিলেট এবং সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি যৌথ আভিযানিক দল গত ৮ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন জালালপুর ইউনিয়নের শাহজালাল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে রাজনগর থানার মামলা নং-১১, তারিখ ১৯ নভেম্বর ২০২৫, পেনাল কোডের ৩৯৪ ধারার ছিনতাই মামলার তদন্তে প্রাপ্ত অভিযুক্ত এবং সিআর-১৩/২৬ (রাজনগর) মামলার ৪০৬/৪২০/৫০৬(২)/৩৪ ধারার প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মানিক মিয়া (৪৪)-কে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তি রাজনগর উপজেলার আমিনাবাদ চা বাগান এলাকার মসকু মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, এ ছিনতাই মামলার আরও একজন আসামিকে গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৯ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়