ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৯, ১ মে ২০২১
আপডেট: ১৯:৩৯, ১ মে ২০২১

মৌলভীবাজারে বৃষ্টিতে স্বস্তি

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টানা কয়েকদিনের তাপদাহের পর মৌলভীবাজারে স্বস্তির বৃষ্টি হয়েছে। শনিবার (১ মে) বিকেল চারটার দিকে দমকা হাওয়া বয়ে যায়। সাথে শীতল বৃষ্টি প্রকৃতি ও জনজীবনে প্রশান্তি এনে দেয়।

আবহাওয়া অধিদফতর গত কয়েকদিন ধরে এই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আসছিল। কাঙ্ক্ষিত এ বৃষ্টিতে প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষজন ও প্রাণবৈচিত্র্যের মধ্যে বেশ স্বস্তি এনে দিয়েছে।

রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওর এলাকা থেকে কৃষক রূপম দাশ বলেন, হাওরে প্রচণ্ড গরমে কৃষকেরা অতিষ্ঠ হয়ে ওঠেছিলেন। এই বৃষ্টি হাওরে কৃষকের মাঝে প্রশান্তি নিয়ে এসেছে। পাকা ধানেরও কোনো ক্ষতি হয়নি। 

এদিকে কালবৈশাখির ঝড়ো-বৃষ্টিতে রাস্তায় থাকা ব্যস্ত মানুষরা আটকা পড়েন বিভিন্ন জায়গায়। অনেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে আশেপাশের দোকানপাট ও ভবনে ছুটে যান।

আইনিউজের প্রতিনিধি কেএইচ শাওন সদর উপজেলার নাজিরাবাদ এলাকা থেকে জানিয়েছেন, ওই এলাকায় ঝড়োবৃষ্টির সাথে শিলাবৃষ্টিও হয়েছে। তবে সেটা আকারে ছিল ছোট। তিনি স্থানীয় কৃষকের বরাত দিয়ে জানান, শিলাবৃষ্টিতে পাকা ধানের বেশ ক্ষতি হয়েছে।

এদিকে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী জানিয়েছেন, এই বৃষ্টি কাঙ্ক্ষিত ছিল। কৃষকেরা প্রচণ্ড দাবদাহ থেকে বেশ স্বস্তি পেয়েছেন। জলাবদ্ধতা হওয়ার মতো বৃষ্টিপাত হয়নি ফলে বড় ফসলের ক্ষতি হয় নি। তাছাড়া আউশের বীজতলা তৈরির জন্য এ বৃষ্টির খুব প্রয়োজন ছিল। বীজতলা তৈরিতে এটি কাজে লাগবে।

এর আগে শনিবার সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।....বিস্তারিত

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী, নেত্রকানা, রাজশাহী, পাবনা, দিনাজপুর এবং পটুয়াখালী অঞ্চলসহ ঢাকা, সিলেট ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোন কোন স্থান থেকে প্রশমিত হতে পারে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়