ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:০০, ১ মে ২০২১
আপডেট: ২০:৩৪, ১ মে ২০২১

প্রশাসনের অভিযান দেখে মাস্ক কেনার হিড়িক, সুুযোগে দ্বিগুণ দাম বাড়িয়ে দেয় ফার্মেসি

মৌলভীবাজার জেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছিলো। অভিযান চলাকালে ফার্মেসিগুলোতে মাস্ক কেনার ভিড় জমে। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে দ্বিগুণ দামে মাস্ক বিক্রি করতে শুরু করে কুসুমবাগ এলাকায় অবস্থিত মেসার্স আইডিয়াল ফার্মেসি এন্ড সুপার শপ। 

পরে সেই ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

শনিবার (১ মে) বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত শহরের কুসুমবাগ ও সেন্ট্রাল রোড এলাকার শপিংমল-দোকানপাটগুলোতে এ অভিযান চালানো হয়।

জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মৌসুমী আক্তার, আসমা উল হুসনা এবং অর্ণব মালাকার। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার আইনিউজকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখেই যাদের মাস্ক নেই তারা ব্যস্ত হয়ে পড়ে মাস্ক কিনতে। এ সুযোগ কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ী মাস্কের দাম দ্বিগুণ করে দেয়। এমন অভিযোগ পাওয়া গেলে সেখানে প্রশাসন এর সত্যতা নিশ্চিত করে ও পরে সেই ব্যবসায়ীকে জরিমানা করে। 

এ সময় মাস্ক পরিধান না করার অপরাধে ১৮ জন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বিস্তারিত...

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্বাস্থ্যবিধি এবং অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়