ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৬ ১৪৩৩

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫০, ৮ অক্টোবর ২০২১
আপডেট: ১৬:০৪, ৮ অক্টোবর ২০২১

জুড়ী থানার নবনির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধনে শনিবার জুড়ীতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজারের জুড়ীতে নতুন থানা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করতে আগামীকাল শনিবার (৯ অক্টোবর) জুড়ীতে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত আধুনিক থানা কমপ্লেক্সে ভবনের শুভ উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

গণপূর্ত অধিদপ্তর মৌলভীবাজার সূত্রে জানা যায়, ‘পুলিশ বিভাগের ১০১টি থানা ভবন টাইপ প্ল্যানে নির্মাণ’ প্রকল্পের আওতায় নবনির্মিত আধুনিক থানা কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হয়েছে। ২০১৫-২০১৬ অর্থবছরে সরকারের গণপূর্ত অধিদপ্তর ৭,৩১,৪৪,৩৫০ (সাত কোটি একত্রিশ লাখ চুয়াল্লিশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। বিশাল জায়গার উপর নির্মিত ৪ তলা ভবনটিতে রয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। ভবনের সামনে রয়েছে সবুজ মাঠ ও সুদৃশ্য ফুলের বাগান। থানা আঙিনায় প্রবেশের মুখেই বামপাশে রয়েছে একটি নয়নাভিরাম ছোট পুকুর। 

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, জুড়ী থানা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উদ্বোধনের পরে থানা ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত এক সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৯ নভেম্বর জুড়ী থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আইনিউজ/সুমন/জুড়ী/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ