Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৪৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬

অবহেলিত মানুষের কণ্ঠস্বর হতে চান প্রীতম দাশ

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজার ৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। বিভিন্ন নির্বাচনী সভায় তিনি তাঁর পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরছেন।

বুধবার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচারণা চালান প্রীতম দাশ। সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট চা বাগান, লাখাই চা বাগান ও বিলাসছড়া চা বাগান এবং কমলগঞ্জ উপজেলার ধলাই চা বাগানে গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে দলের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আজ সন্ধ্যায় প্রীতম দাশ বলেন, চা শ্রমিক জনগোষ্ঠী যুগের পর যুগ অবহেলিত। আমি নির্বাচিত হলে চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষার ওপর গুরুত্ব দিয়ে বলেন, এই অঞ্চলের ভাষা ও ঐতিহ্য আমাদের সম্পদ। সেগুলোর সংরক্ষণ ও বিকাশে রাষ্ট্রীয় উদ্যোগ নিশ্চিত করা জরুরি।

হাওরাঞ্চল প্রসঙ্গে তিনি বলেন, শ্রীমঙ্গলের হাইল হাওরের পরিবেশ ও পানি আজ মারাত্মকভাবে দূষণের শিকার। হাওরকে রক্ষা করতে হবে এবং দখলকৃত জলাশয় উদ্ধার করতে হবে। কৃষি খাত নিয়ে তিনি বিষমুক্ত কৃষির প্রসার, ফসল সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং সেচ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

যুবসমাজের কর্মসংস্থান প্রসঙ্গে প্রীতম দাশ বলেন, বেকার যুবক-যুবতীদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ, ক্যারিয়ার কাউন্সেলিং, চাকরির তথ্য ও উদ্যোক্তা সহায়তা এক ছাদের নিচে দিতে ওয়ান স্টপ ইউথ সেন্টার গড়ে তোলা হবে।

তিনি আরও জানান, শ্রীমঙ্গল ও কমলগঞ্জে একটি করে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট হাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে কমিউনিটি ট্যুরিজম ও ইকো ট্যুরিজমের প্রসার ঘটানো হবে, যাতে স্থানীয় মানুষ সরাসরি উপকৃত হয়। পাশাপাশি শ্রীমঙ্গল ও কমলগঞ্জে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জে যানজট নিরসনে নতুন বাসস্ট্যান্ড নির্মাণ জরুরি। পাশাপাশি ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু এবং শমসেরনগর রেলস্টেশনে সব ট্রেনের স্টপেজ নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে স্থবির থাকা শ্রীমঙ্গল পৌরসভা বর্ধনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রীতম দাশ বলেন, আমি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে চলাচল করে রাজনীতি করেছি। আমি সাধারণ মানুষের কথা জানি ও বুঝি। আমি অঢেল সম্পদের মালিক নই, আমি একজন সাধারণ মানুষ। শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে পরিবর্তন করতে আমি কাজ করব। আমার রাজনীতি হবে মানুষের অধিকার, পরিবেশ ও টেকসই উন্নয়নের পক্ষে। তিনি আরও বলেন, মৌলভীবাজার-৪ আসনকে একটি মানবিক ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করাই তাঁর লক্ষ্য।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়