নিজস্ব প্রতিবেদক
লাউয়াছড়ায় দেখা মিলল বিরল ‘উল্টোলেজি’ বানরের
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে আবারও দেখা মিলেছে বিরল প্রজাতির ‘উল্টোলেজি’ বানরের। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উদ্যানের ভেতরে কয়েকটি উল্টোলেজি বানরকে দলবদ্ধভাবে চলাচল করতে দেখা যায়। বনাঞ্চলের শান্ত পরিবেশে তাদের স্বাভাবিক বিচরণ প্রকৃতিপ্রেমী, বন্যপ্রাণী গবেষক ও পর্যটকদের জন্য ছিল দারুণ আকর্ষণীয় এক দৃশ্য।
স্থানীয়ভাবে এ প্রজাতির বানর কেশরওয়ালা সিংহ বানর, কুলু বান্দর, ছোট লেজি বানর ও উলু বান্দর নামেও পরিচিত। ইংরেজিতে এদের বলা হয় Northern Pig-tailed Macaque। লাউয়াছড়া জাতীয় উদ্যান ছাড়াও হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান এবং রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে এদের দেখা মেলে।
উল্টোলেজি বানরের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর লেজ, যা শূকরের লেজের মতো পিঠের দিকে বাঁকানো থাকে। এদের শরীরের রং হালকা সোনালি থেকে বাদামি। প্রধান খাদ্য ফলমূল, কচি পাতা ও বিভিন্ন বনজ উদ্ভিদ। সাধারণত ২০ থেকে ২৫ সদস্যের দলে গভীর বনাঞ্চলে বসবাস করে।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এ প্রজাতিকে ‘সংকটাপন্ন’ (Endangered) হিসেবে তালিকাভুক্ত করেছে। এছাড়া বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এরা সংরক্ষিত প্রাণী।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথের আশপাশে প্রায়ই এ বানরগুলোর চলাচল দেখা যায়। তবে রেলপথে ট্রেন চলাচলের সময় বিভিন্ন বন্যপ্রাণী দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনা ঘটছে, যা তাদের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা মারজুক হোসেন বলেন, “অতিসংকটাপন্ন উল্টোলেজি বানরের ছোট-বড় মিলিয়ে একটি দল এখানে বসবাস করছে। প্রজাতিটি সংকটাপন্ন হওয়ায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ তাদের ওপর নিবিড় নজরদারি করছে।”
দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রতিদিন দেশ-বিদেশের শত শত পর্যটক ভ্রমণে আসেন। বিরল উল্টোলেজি বানরের উপস্থিতি উদ্যানটির সমৃদ্ধ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























