ঢাকা, বুধবার ০৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৬, ৪ আগস্ট ২০২৬

র‍্যাবের অভিযানে সিলেটে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত চারটি স্মার্টফোন এবং জুয়ার সিরিয়াল নম্বরসংবলিত আটটি টোকেন জব্দ করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়, সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দক্ষিণ সুরমা থানার ২৬ নম্বর ওয়ার্ডের ভার্থখল এলাকার কদমতলী বাসস্ট্যান্ডে কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়ায় অংশ নিচ্ছেন। খবর পেয়ে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বিকেল ৪টা ১৫ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করে।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা স্বীকার করেন। পরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আব্দুর রহমান (৫০) (সরাইল, ব্রাহ্মণবাড়িয়া), জসিম (২২) (ওসমানীনগর, সিলেট), জাবেদ আহমেদ (২৭) (মোগলাবাজার, সিলেট), আব্দুর রফিক (২৮) (বালাগঞ্জ, সিলেট), মো. সোহাগ মিয়া (৩০) (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া), আলমগীর হোসেন (৩৩) (দক্ষিণ সুরমা, সিলেট) এবং মো. জামাল উদ্দিন (৪০) (ওসমানীনগর, সিলেট)।

র‍্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা Juwai Teer Result, Shillong Teer Result, Night Teer, Night India, Point Chart Shillong Teer, CK444, 7C77, Baji999, BAJI Casino, MCW Casino, Slots Gameসহ বিভিন্ন অনলাইন অ্যাপ ও প্ল্যাটফর্মের মাধ্যমে জুয়া খেলতেন। তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনগুলো পরীক্ষা করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামতও পাওয়া গেছে।

র‍্যাব-৯ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দকৃত আলামত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে র‍্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনী।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়