Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৯ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০২, ১১ ফেব্রুয়ারি ২০২৬

মৌলভীবাজারে ২৬৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত

র‍্যাব-৯ এর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আরিফুর রহমান। ছবি: আই নিউজ

র‍্যাব-৯ এর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আরিফুর রহমান। ছবি: আই নিউজ

মৌলভীবাজার জেলায় মোট ৫৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২৬৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৮০টি অতি ঝুঁকিপূর্ণ এবং ১৮৩টি সাধারণ ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।

বুধবার সকালে শ্রীমঙ্গল সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব-৯ এর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আরিফুর রহমান।

তিনি জানান, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সিপিসি শ্রীমঙ্গল র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। অস্ত্র উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার এবং সম্ভাব্য নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব অভিযানের ফলে মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য জেলার তুলনায় সন্তোষজনক রয়েছে বলে দাবি করেন তিনি। তবে অতি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে এবং সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। বর্তমানে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

মো. আরিফুর রহমান আরও বলেন, মৌলভীবাজার জেলায় মোট চারটি সংসদীয় আসন রয়েছে। প্রতিটি আসনে দুটি করে টহল দল কাজ করছে, অর্থাৎ সর্বমোট আটটি টহল দল সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। পাশাপাশি প্রতিটি আসনে সাদা পোশাকে গোয়েন্দা টিম মাঠে কাজ করছে। জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে যৌথভাবে দায়িত্ব পালন করা হচ্ছে।

সাধারণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “মৌলভীবাজারে নির্বাচনী পরিবেশ সম্পূর্ণ অনুকূলে রয়েছে। আমরা সবাইকে আহ্বান জানাই, আপনারা আপনাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন এবং ভোটাধিকার প্রয়োগ করুন। আমরা সম্মিলিতভাবে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।”

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়