Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১০ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫১, ২২ ফেব্রুয়ারি ২০২৬

সকল জাতিগোষ্ঠীর ভাষা-সংস্কৃতি রক্ষায় কাজ করবে বিএনপি: হাজী মুজিব

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, এলাকার সব জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে বিএনপি সরকার কার্যকর উদ্যোগ নেবে। 

তিনি বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ এলাকায় চা-জনগোষ্ঠী, নৃ-গোষ্ঠীসহ মোট ২৯টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি আছে, সেগুলো রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গলের প্রবেশদ্বার চা কন্যা ভাস্কর্য-এর সামনে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে প্রথমবারের মতো নিজ এলাকায় এসে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এই বিজয় আমার একার নয়; এটি এলাকার সকল নেতা-কর্মী ও সাধারণ মানুষের ত্যাগ-পরিশ্রমের ফল। আপনারা আমাকে যে ফুলের তোড়া দিয়েছেন, তা আমি উপজেলা ও পৌরবাসীর প্রতি উৎসর্গ করলাম। আমার লক্ষ্য শ্রীমঙ্গল-কমলগঞ্জকে নতুনভাবে গড়ে তোলা এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করা।”

সংসদ সদস্য আরও বলেন, মৌলভীবাজার জেলার প্রবেশদ্বার সাতগাঁও ইউনিয়নে অবস্থিত ‘চা কন্যা ভাস্কর্য’ সংলগ্ন সড়কটি ঝুঁকিপূর্ণ। প্রতিদিন অসংখ্য পর্যটক সেখানে ছবি তুলতে আসেন। কিন্তু হাইওয়ে সড়কের পাশেই ছবি তোলার কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই সড়কটি প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধনের জন্য সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীলদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। যাতে শ্রীমঙ্গলে এসে পর্যটকরা একটি ইতিবাচক অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারেন।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান, সদস্য সৈয়দ সালাহউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কদর আলী, জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামূল হক তরফদার, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, মোবারক হাসান লুপ্পা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল আহমেদসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পরে তিনি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালে ভর্তি সকল রোগীর জন্য প্যাকেটজাত তরল দুধ সরবরাহ করেন। হাসপাতালের বিভিন্ন সমস্যা, বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ, নতুন একটি অ্যাম্বুলেন্স সংযোজন এবং রোগীর শয্যা সংখ্যা বৃদ্ধির বিষয়ে অবগত হয়ে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং উপস্থিত গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

তিনি জানান, শিগগিরই স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়