Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৪ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রশাসনে গাফিলতিতে ‘জিরো টলারেন্স’: এম নাসের রহমান

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। ছবি: আই নিউজ

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। ছবি: আই নিউজ

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান প্রশাসনের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে বলেছেন, গাফিলতি ও অবহেলার বিষয়ে তার অবস্থান ‘জিরো টলারেন্স’। এমপির নাম ব্যবহার করে কেউ যেন অন্যায়ভাবে সুবিধা নিতে না পারে, এ বিষয়ে সতর্ক করে তিনি স্পষ্ট ভাষায় জানান, তদবির বাণিজ্যের কোনো সুযোগ নেই। উন্নয়ন ও প্রশাসনিক কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. বিল্লাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ফ্রি অ্যান্ড ফেয়ার’ নির্বাচন ও নতুন সরকারের প্রসঙ্গ
এম নাসের রহমান বলেন, দীর্ঘ আন্দোলনের পর স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে এবং জনগণের ভোটে ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। তার ভাষ্য, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সবসময়ই জনগণের সমর্থন পাবে।

তিনি বর্তমান প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগের প্রসঙ্গ টেনে বলেন, নতুন বাংলাদেশ গঠনে ভিন্নধর্মী কার্যক্রম শুরু হয়েছে। “আপনারা দেখছেন, সম্পূর্ণ ভিন্ন চিত্র—প্রধানমন্ত্রী গাড়িতে পতাকাও ওড়ান না,”—এমন মন্তব্যও করেন তিনি।

দ্রুত সিদ্ধান্ত, ফাইলজট নিরসনের আহ্বান
সংসদ সদস্য বলেন, উন্নয়ন ও প্রশাসনিক কাজ দ্রুতগতিতে সম্পন্ন করতে হবে। আগে যেভাবে ফাইল আটকে রাখা বা সিদ্ধান্তহীনতার প্রবণতা ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। নিজেকে ‘স্টেট ফরওয়ার্ড’ মানুষ উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে সরাসরি কথা বলবেন; তবে কাউকে বিব্রত না করতে প্রয়োজন হলে সময় নিয়ে আলোচনা করবেন।

তিনি আরও জানান, কর্মকর্তারা তাদের নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ করবেন। তিনি অযাচিত হস্তক্ষেপ করবেন না। তবে উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সড়ক বিভাগের প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান ও হাসপাতাল সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। প্রয়োজনীয় অর্থায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, “এক হাতে তালি বাজে না, সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

পূর্ববর্তী উন্নয়ন কর্মকাণ্ড ও নতুন পরিকল্পনা
গত মেয়াদে প্রায় আড়াইশ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান মূল্যে যার পরিমাণ প্রায় এক হাজার ২০০ কোটি টাকার সমপরিমাণ। সে সময় মৌলভীবাজার-রাজনগরে শিল্পকলা একাডেমি, সদর হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, সিসিইউ ও ডায়ালাইসিস সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সরকারের মেয়াদ শেষ হওয়ায় কিছু চিকিৎসা সরঞ্জাম বৃহত্তর ফরিদপুর অঞ্চলে সরিয়ে নেওয়া হয়।

তিনি জানান, এসব উদ্যোগ পুনরুজ্জীবিত করতে চান এবং জেলার অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আনতে আগ্রহী। কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আপনারা কৃতিত্ব নিন, আমার আপত্তি নেই। কাজটা সম্পন্ন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এমপির নাম ভাঙিয়ে সুবিধা নিলে ব্যবস্থা
প্রশাসনে এমপির নাম ব্যবহার করে কেউ ফায়দা নেওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে সতর্ক করেন তিনি। “আমি এমপি সাহেবের লোক” এভাবে পরিচয় দিয়ে কোনো অন্যায় সুযোগ নেওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই বলে স্পষ্ট বার্তা দেন। নিয়মের বাইরে কোনো সুপারিশ করবেন না এবং প্রশাসনিক কাজে অযাচিত হস্তক্ষেপও করবেন না বলে জানান তিনি।

যানজট নিরসনে জোর
শহরের যানজট সমস্যা নিরসনে কুসুমবাগ পয়েন্টে যত্রতত্র পার্কিং বন্ধ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং সড়ক দখলমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সভা শেষে কর্মকর্তারা উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়