শ্রীমঙ্গল প্রতিনিধি
ছড়া থেকে হাওর রক্ষায় শ্রীমঙ্গলে এমপির পরিচ্ছন্নতা অভিযান
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাকৃতিক জলধারা ভুরভুরিয়া ছড়া পরিষ্কার করতে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রূপসপুর জোড়াপুল ও বালুচর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে ছড়ার তলদেশে জমে থাকা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের কারণে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। জলাবদ্ধতা ও পরিবেশদূষণের ঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়।
অভিযানের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, “পরিচ্ছন্নতা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং উদ্যোগ। প্রশাসন ও জনগণের সমর্থন থাকায় এটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।”
জনগণই তাঁর মূল শক্তি ও সাহসের উৎস উল্লেখ করে তিনি বলেন, একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলাই উন্নত দেশের ভিত্তি। এমপি নির্বাচিত হওয়ার পর এ কাজকে তিনি অগ্রাধিকারমূলক কর্মসূচি হিসেবে বিবেচনা করছেন।
“এমপি মো. মুজিবুর রহমান চৌধুরীর উদ্যোগে উপজেলাধীন প্রবাহমান খালে জমাকৃত প্লাস্টিক বর্জ্য অপসারণের লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান” শিরোনামে আয়োজিত কর্মসূচিতে সহযোগিতা করে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ও শ্রীমঙ্গল পৌরসভা।
এমপি আরও বলেন, “শুধু একটি ছড়া নয়, শ্রীমঙ্গলের বিভিন্ন পাহাড়ি ছড়া ও আশপাশের কৃষিজমি থেকেও প্লাস্টিক বর্জ্য অপসারণ জরুরি। এসব বর্জ্য পাহাড়ি ছড়ার প্রবাহ ধরে হাইল হয়ে শেষ পর্যন্ত হাইল হাওর-এ গিয়ে জমা হয়। এতে ধীরে ধীরে হাওরের প্রাণপ্রকৃতি হুমকির মুখে পড়ছে এবং পরিবেশগত ঝুঁকি ‘রেড অ্যালার্ট’-এর দিকে ধাবিত হচ্ছে।”
খাল খনন ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার কথা জানিয়ে তিনি বলেন, “সাধারণ মানুষের চলাচল ও স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কোনো বাধা এলে জনগণকে সঙ্গে নিয়েই তা অতিক্রম করা হবে।” পাশাপাশি তিনি সবাইকে প্লাস্টিক ব্যবহার কমানো ও বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান।
শহরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জমে থাকা ময়লার ভাগাড় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি বলেন, উপজেলা প্রশাসন ও পৌরসভাকে নিয়ে একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে। পরিকল্পনা অনুযায়ী দ্রুততম সময়ে সেসব ভাগাড় অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলন হিসেবে উল্লেখ করে বলেন, সামাজিক কাজে নানা জটিলতা ও প্রতিবন্ধকতা থাকতে পারে। তবে জনগণ পাশে থাকলে সব বাধা অতিক্রম করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং ও সমন্বয়ের মাধ্যমে ছড়ার রক্ষণাবেক্ষণ জোরদার করা হবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ, শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন মিয়া এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























