Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৯ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৫ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০:২০, ৮ মার্চ ২০২৬

আন্তর্জাতিক নারী দিবসে সনাক শ্রীমঙ্গলের আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

“নারী ও কন্যাশিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গলের আয়োজনে সনাক কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, জেন্ডার সমতা অর্জনে বাংলাদেশের অঙ্গীকার থাকলেও সাম্প্রতিক সময়ে নারী ও শিশুদের প্রতি সংঘটিত বিভিন্ন সহিংসতার চিত্র উদ্বেগজনক। এসব সহিংসতা বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ সুচিত্রা ধর বলেন, “বাংলাদেশের সংবিধানের ২৮(২) অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। এছাড়া জাতীয় নারী উন্নয়ন নীতি ও ধারাবাহিক পঞ্চবার্ষিক পরিকল্পনায় নানা অঙ্গীকার থাকলেও বাস্তবে নারীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় খাতে বিনিয়োগের ঘাটতি এবং কার্যকর পদক্ষেপের অভাব দেখা যায়। ফলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা যেমন নিশ্চিত করা যাচ্ছে না, তেমনি নারীর আর্থ-সামাজিক উন্নয়নেও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়নি।”

সভাপতির বক্তব্যে সনাক শ্রীমঙ্গলের সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ বরেন বলেন, “সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি সমাজে দুর্নীতি বৃদ্ধির পাশাপাশি ন্যায়বিচার, আইনের শাসন ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বাংলাদেশের প্রেক্ষাপটে দুর্নীতির কারণে নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত হয় এবং সমতাভিত্তিক সমাজ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।”

সনাকের সহ-সভাপতি কাজী আছমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সনাকের সহ-সভাপতি এস. এ. হামিদ, সাবেক সভাপতি সৈয়দ নেসার আহমেদ, দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্যসহ সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা।

আলোচনা সভার পাশাপাশি ইয়েস সদস্যদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়