Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৬ ১৪৩২

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪১, ১০ মার্চ ২০২৬

পবিত্র কোরআন অবমাননার অভিযোগে এক যুবক আটক

পবিত্র কোরআন অবমাননার অভিযোগে এক যুবক আটক। ছবি: আই নিউজ

পবিত্র কোরআন অবমাননার অভিযোগে এক যুবক আটক। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে মিলন মিয়া নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

সোমবার (৯ মার্চ) ইফতারের আগে উপজেলার আলীনগর ইউনিয়নের বড়খোলা গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এ ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে এলাকা এবং অভিযুক্তের ফাঁসির দাবিতে গভীর রাতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বড়খোলা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিলন মিয়া পারিবারিক কলহের জেরে সম্প্রতি তার স্ত্রীকে তালাক দেন। সোমবার বিকেলে তিনি বড়খোলা জামে মসজিদের ইমামের কাছে গিয়ে তার স্ত্রীকে ফিরিয়ে এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। ইমাম এ বিষয়ে অপারগতা প্রকাশ করলে মিলন মিয়া ক্ষিপ্ত হয়ে অশালীন আচরণ শুরু করেন। এক পর্যায়ে তিনি মসজিদের ভেতর থাকা পবিত্র কোরআন শরীফ পায়ের নিচে রেখে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন।

কোরআন অবমাননার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে শত শত মুসল্লি ও এলাকাবাসী মসজিদের সামনে জড়ো হন। চরম উত্তেজনার এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা মিলন মিয়াকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে ঘটনার প্রতিবাদে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শত-শত মানুষ অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কমলগঞ্জ থানার প্রদান ফটকের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) সার্কেল মো. ওয়াহিদুজ্জামান রাজু ঘটনাস্থল ও থানা এলাকায় অবস্থান নেন। তিনি বিক্ষুব্ধ জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, 'ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আমরা ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আইনের মাধ্যমে অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।'

পুলিশের যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসে রাত গভীর হলে বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। প্রতিবেদন রাত ৩টায় লেখা পর্যন্ত কোনো অভিযোগ হয়নি থানায়। তবে এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সুত্রে জানা যায়।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়