Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৮, ১৩ মার্চ ২০২৬

কালবৈশাখী ঝড়ে কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়, ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে অন্তত তিনটি ট্রান্সফরমার এবং বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

জানা যায়, শুক্রবার দুপুরে বজ্রসহ কালবৈশাখী ঝড় শুরু হলে প্রায় এক ঘণ্টাব্যাপী তাণ্ডবে বিভিন্ন স্থানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। এতে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে যায় এবং শমশেরনগর বাজারের সবুজবাগ আবাসিক এলাকায় তিনটি ট্রান্সফরমার ভেঙে রাস্তায় পড়ে যায়।

এ ছাড়া উপজেলার আরও কয়েকটি স্থানে ট্রান্সফরমার ও বিদ্যুৎ লাইনের ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে গাছের ডাল ভেঙে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে যাওয়ায় দুপুর থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

ঝড় থেমে যাওয়ার পরপরই পল্লী বিদ্যুতের কর্মীরা ক্ষতিগ্রস্ত লাইন ও ট্রান্সফরমার মেরামতের কাজ শুরু করেছেন। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ বলেন, কালবৈশাখী ঝড়ে কয়েকটি স্থানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় কয়েকটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলছে এবং দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হবে।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়