Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬,   চৈত্র ১ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪১, ১৫ মার্চ ২০২৬

শ্রীমঙ্গলে ২৭-২৮ মার্চ দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান স্বাধীনতা দিবসের চেতনাকে ধারণ করে আগামী ২৭ ও ২৮ মার্চ দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে প্রাণ সঞ্চার এবং সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

স্বাধীনতা দিবস উদযাপন পরিষদের মুখপাত্র দেলোয়ার হোসেন জানান, একসময় শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গন নাটক, সংগীত, নৃত্যসহ নানা আয়োজনের মাধ্যমে অত্যন্ত প্রাণবন্ত ছিল। তবে দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য সাংস্কৃতিক কার্যক্রম না থাকায় অনেক সংগঠন স্থবির হয়ে পড়েছে এবং সাধারণ মানুষও নিয়মিত সাংস্কৃতিক আয়োজন থেকে বঞ্চিত হচ্ছেন।

এই বাস্তবতা বিবেচনায় শ্রীমঙ্গলের সাংস্কৃতিক চর্চাকে নতুন করে সক্রিয় করতে এবং স্বাধীনতা দিবসের চেতনাকে সামনে রেখে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ উৎসবে শ্রীমঙ্গলের ২৫টিরও বেশি সাংস্কৃতিক সংগঠন যুক্ত হয়েছে। এর মধ্যে ১৬টি সংগঠন নাটক, সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবে।

দেলোয়ার হোসেন বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি অনুষ্ঠান আয়োজন করা নয়; বরং শ্রীমঙ্গলের সাংস্কৃতিক চর্চাকে আবারও সক্রিয় করে তোলা, অপসংস্কৃতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা এবং আগামী প্রজন্মকে সুস্থ ও সুন্দর সাংস্কৃতিক চর্চার পথে এগিয়ে নিতে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা।”

তিনি আশা প্রকাশ করে বলেন, শ্রীমঙ্গলের সর্বস্তরের মানুষ এ আয়োজনকে আন্তরিকভাবে গ্রহণ করবেন এবং তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উৎসবটি সফল ও সার্থক হয়ে উঠবে। এই উদ্যোগের মাধ্যমে শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও জাগরণ সৃষ্টি হবে বলেও প্রত্যাশা আয়োজকদের।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়