Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২০ মার্চ ২০২৬,   চৈত্র ৬ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৪০, ২০ মার্চ ২০২৬

ব্যতিক্রমী উদ্যোগ ‘মেহেদি রাঙা ঈদ’, পথশিশুদের মুখে হাসি

পথশিশুর হাতে মেহেদির নকশা আঁকেন যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। ছবি: আই নিউজ

পথশিশুর হাতে মেহেদির নকশা আঁকেন যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগের দেখা মিলেছে। ‘মেহেদি রাঙা ঈদ’ শিরোনামে আয়োজিত এই উদ্যোগে ছিন্নমূল পথশিশুদের হাত রাঙিয়ে দেওয়া হয়েছে রঙিন মেহেদিতে, যা তাদের জীবনে এনে দিয়েছে আনন্দের নতুন রঙ।

বৃহস্পতিবার শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫০ জন পথশিশুর হাতে মেহেদির নকশা আঁকেন শ্রীমঙ্গল সরকারি কলেজের যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এই আয়োজন যেন হয়ে ওঠে ভালোবাসা ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত।

শুধু মেহেদি পরানোতেই সীমাবদ্ধ থাকেনি তাদের কার্যক্রম। ঈদযাত্রাকে কেন্দ্র করে স্টেশনে অতিরিক্ত যাত্রীর চাপের মধ্যেও চঞ্চল শিশুদের সামলে রাখা, শৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সক্রিয় ভূমিকা পালন করেন যুব রেড ক্রিসেন্ট সদস্যরা। ফলে স্টেশনের স্বাভাবিক কার্যক্রমও নির্বিঘ্ন থাকে।

এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা প্রদান করেন যুব রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।

মেহেদি রাঙানোর কাজে অংশ নেন বদরুন্নাহার লিলি, রুকাইয়া ইসলাম, অনন্যা চৌধুরী, উম্মে নাফিসা মাইমুনাহ, অত্রি বিশিষ্ট পাল, সামিয়া আক্তার, মিলি বেগম, সুষমা সিমসাং এবং সুমাইয়া আক্তারসহ যুব সদস্যরা।

এই উদ্যোগ শুধু শিশুদের হাতেই রঙ লাগায়নি, রাঙিয়েছে তাদের মনও। সমাজের অবহেলিত এই শিশুদের মুখে একটুখানি হাসি ফোটানোর মধ্য দিয়ে ‘মেহেদি রাঙা ঈদ’ হয়ে উঠেছে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত- যেখানে ঈদের আনন্দ সত্যিই সবার জন্য।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়