Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২২ মার্চ ২০২৬,   চৈত্র ৮ ১৪৩২

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০০, ২১ মার্চ ২০২৬

ঈদের ছুটিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকের উপচে পড়া ভিড়

ঈদের ছুটিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকের উপচে পড়া ভিড়। ছবি: আই নিউজ

ঈদের ছুটিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকের উপচে পড়া ভিড়। ছবি: আই নিউজ

পবিত্র ঈদুল ফিতর-এর ছুটি ঘিরে প্রকৃতিপ্রেমীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান। ঈদের দিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পর্যটকের পদচারণায় প্রাণ ফিরে পায় এই সবুজ অরণ্য।

সরেজমিনে দেখা যায়, নগর জীবনের কোলাহল পেছনে ফেলে পরিবার-পরিজন নিয়ে দর্শনার্থীরা ছুটে এসেছেন বনভূমির নির্মল পরিবেশে। বনের আঁকাবাঁকা পথ, উঁচু-নিচু টিলা আর ছায়াঘেরা ট্রেইলে সময় কাটাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন পর্যটকরা। বিশেষ করে শিশু ও তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে বিকেল পর্যন্ত উদ্যানের প্রবেশপথ থেকে শুরু করে অভ্যন্তরের ট্রেইলগুলোতে ছিল দীর্ঘ সারি।

লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা জানান, ঈদের ছুটিতে পর্যটকের সংখ্যা কয়েকগুণ বেড়েছে। বনের পরিবেশ রক্ষা ও পর্যটকদের সেবা নিশ্চিত করতে বনকর্মী এবং সিপিজি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

এদিকে পর্যটকের ঢলে চাঙা হয়ে উঠেছে স্থানীয় অর্থনীতি। লাউয়াছড়ার পাশাপাশি মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, হামহাম জলপ্রপাত, মনিপুরীপাড়া, খাসিয়াপুঞ্জি ও আশপাশের চা-বাগানগুলোতেও পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। এতে রিসোর্ট, হোটেল ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বাড়তি আয়ের আশায় উচ্ছ্বসিত।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। টহল জোরদার করা হয়েছে এবং পরিবেশ রক্ষায় প্লাস্টিক ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা এক পর্যটক জানান, “লাউয়াছড়ার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মুগ্ধকর। চা-বাগান ও মনিপুরী পাড়া ঘুরে খুব ভালো লেগেছে। আবারও সুযোগ পেলে এখানে আসব।”

লাউয়াছড়া টিকিট কাউন্টার সূত্রে জানা গেছে, শনিবার বিকেল পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ পর্যটক উদ্যানের ভেতরে প্রবেশ করেছেন। এতে সরকারের রাজস্ব আদায় হয়েছে আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকা।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল-কমলগঞ্জ জোনের কর্মকর্তা মো. কামরুল হোসেন চৌধুরী জানান, ঈদ উপলক্ষে বিভিন্ন পর্যটন স্পটে নজরদারি বাড়ানো হয়েছে। জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে পর্যটকেরা নির্বিঘ্নে ভ্রমণ উপভোগ করতে পারেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ঈদের ছুটিতে আগত পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

প্রকৃতির টানে ঈদের ছুটিতে লাউয়াছড়ায় এমন পর্যটক ঢল স্থানীয় পর্যটন শিল্পে নতুন প্রাণ সঞ্চার করেছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়