Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬,   চৈত্র ১০ ১৪৩২

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩০, ২৩ মার্চ ২০২৬

কমলগঞ্জে তিন দিনব্যাপী ‘বিষ্ণুপ্রিয়া মনিপুরী আর্ট ফেস্টিভ্যাল’

কমলগঞ্জে তিন দিনব্যাপী ‘বিষ্ণুপ্রিয়া মনিপুরী আর্ট ফেস্টিভ্যাল’। ছবি: আই নিউজ

কমলগঞ্জে তিন দিনব্যাপী ‘বিষ্ণুপ্রিয়া মনিপুরী আর্ট ফেস্টিভ্যাল’। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিষ্ণুপ্রিয়া মনিপুরী আর্ট ফেস্টিভ্যাল’। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে মাল্টি-এথনিক অ্যাস্থেটিক আর্কিটেকচারাল অ্যান্ড ট্রান্স-কালচারাল রিসার্চ অ্যাসোসিয়েশন (মাত্রা)-এর উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

রোববার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার মণিপুরী ললিতকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মণিপুরী সংস্কৃতি আমাদের জাতীয় গর্ব। এ ধরনের আয়োজন প্রান্তিক জনগোষ্ঠীর শিল্প-সংস্কৃতিকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আসাদুজ্জামান, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ এবং কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আবুল হোসেন।

‘মাত্রা’র সভাপতি উজ্জ্বল সিংহের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সংগঠনের পক্ষ থেকে তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উৎসবে মণিপুরী সংস্কৃতির ঐতিহ্যবাহী নাটক, সংগীত ও চিত্রকলার মনোমুগ্ধকর প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। বক্তারা এ সময় হারিয়ে যেতে বসা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পধারা সংরক্ষণে ‘মাত্রা’র উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ, মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোতাহির আলীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

তিন দিনব্যাপী এ উৎসব স্থানীয় সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়