Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৯, ১২ এপ্রিল ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট। রোববার বিকেল ৫ টার দিকে কুসুমবাগ পয়েন্টে সমাবেশ কর্মসূচি পালন করা হয়। 

প্রথমে শহরের দেওয়ানী মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে এম. সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে ১১ দলীয় জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা ১১ দলীয় ঐক্যজোটের অন্যতম সমন্বয়ক ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম. শাহেদ আলী। এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা আহ্বায়ক খালেদ হাসান, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, জেলা সেক্রেটারি রুহুল আমিন এবং যুগ্ম আহ্বায়ক ফারুক আলী।

এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহসভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান হেলাল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা রহমত আলী, শহর সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, সদর থানা সভাপতি মাওলানা ঈসমাঈল আলী, সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, রাজনগর থানা সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমীন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, পৌর আমির হাফেজ তাজুল ইসলাম এবং সদর উপজেলা আমির মো. ফখরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনের দুই মাস পরই দাবি আদায়ের জন্য আবারও রাজপথে নামতে হয়েছে। ২০২৪ সালের গণআকাঙ্ক্ষা ছিল একটি স্বাধীন, সমৃদ্ধ ও পরিবর্তনশীল বাংলাদেশ গঠন। কিন্তু জুলাইকে পুঁজি করে নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও রাষ্ট্রক্ষমতায় আসার পর বর্তমান সরকার পরিকল্পিতভাবে ফ্যাসিবাদের পথে এগোচ্ছে বলে তারা অভিযোগ করেন।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম. শাহেদ আলী বলেন, দেশে ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। জুলাই সনদের আইনি স্বীকৃতির জন্য গণভোটের মাধ্যমে তা অবিলম্বে কার্যকর করার দাবি জানান তিনি। এই দাবি উপেক্ষা করে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে বিচারহীনতার সংস্কৃতি বিদ্যমান। স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এ অবস্থা থেকে বেরিয়ে আসার প্রত্যাশা থাকলেও বিচার বিভাগের ওপর সরকারের প্রভাব বিস্তারের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, যা উদ্বেগজনক।
সমাবেশ শেষে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের ঘোষণা দেন।”

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়